আয়াসসহ চারজনকে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

আ ন ম আয়াস ও মারজিয়া খন্দকার রিমিছবি কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানি এবং ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আদালতে জমা দেওয়া পুলিশের নথিতে এসব তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে গত শনিবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে যান।

ওই দিন শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেছিলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়।

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন আ ন ম আয়াস।

সংশোধনী

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছিল পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে মামলার নথির তথ্য থেকে জানা গেছে, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০ খ, ১৫৩ ক এবং ২৯৫ ক ধারায় মামলা হয়েছে। তিনটির কোনোটিই রাষ্ট্রদ্রোহের অভিযোগ নয়।

আরও পড়ুন