ইশরাকের পদত্যাগপত্র গৃহীত, প্রজ্ঞাপন জারি

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মুক্তযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। ১৯ অক্টোবরছবি: সাজিদ হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করে ইশরাক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে এ বিষয়ে মন্ত্রপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন

বিএনপি নেতা ইশরাক ঢাকা-৬ আসনের সংসদ সদস্য। তিনি গত শনিবার বিকেলে তাঁর আসনের গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমেছিলেন। সেই অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে ইশরাকের এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়। পরদিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকারসংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করে।

আরও পড়ুন

পদত্যাগের নির্দেশের খবর প্রকাশের পর তা অস্বীকার করেন ইশরাক। তাঁর পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। শেষ পর্যন্ত গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। এরপর গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের একটি উচ্চপর্যায়ের সূত্র প্রথম আলোকে জানায়, তারা ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে।

বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন আহমেদ আযম খান। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইশরাক।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভায় ২৬ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন। প্রতিমন্ত্রী ছিলেন ২৪ জন। ইশরাকের পদত্যাগের পর প্রতিমন্ত্রীর সংখ্যা দাঁড়াল ২৩ জনে।

আরও পড়ুন