প্রশ্নপত্র ফাঁসের হোতা সেই আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমানের (সিয়াম) চার বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালত এই রায় ঘোষণা করেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই রায়ের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে সোহানুরকে। এ ছাড়া তাঁর নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে ।
সোহানুর রহমান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁস–কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। তিনি একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
সোহানুর রহমানের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় তাঁর বিরুদ্ধে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে।
গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ সাক্ষীর সবার সাক্ষ্য নেন আদালত। আত্মপক্ষ শুনানিতে ২৪ সেপ্টেম্বর সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হলো।