ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানের ভিডিও ধারণ করতে হবে: মন্ত্রিপরিষদ বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযানের ভিডিও ধারণ করতে হবে। ভ্রাম্যমাণ আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আপিল আদালতে প্রয়োজনে ওই ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে হবে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ কথা জানানো হয়। গত অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জেএম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থায় যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ভিডিওর একটি কপি মিডিয়া সেলের কাছে পাঠাতে হবে।

পরিপত্রে বলা হয়, জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম প্রচারের জন্য প্রতিটি জেলায় একটি ‘মিডিয়া সেল’ থাকবে।

প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তর–সংস্থা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা মালামাল সংরক্ষণ করে রাখতে একটি নিরাপদ ও সুরক্ষিত কক্ষ বা স্থাপনা বা স্থান নির্ধারণ করবে। জব্দ করা মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তর কাজের জন্য কর্মকর্তা–কর্মচারীদের সুনির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। তবে পচনশীল বা দ্রুত নষ্টযোগ্য মালামাল দীর্ঘদিন সংরক্ষণ না করে বিদ্যমান বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।