চাঁদাবাজির মামলায় জামিন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম
কোচিং সেন্টারের পরিচালককে মারধর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় জামিন পেয়েছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম ওরফে রনি। আজ বুধবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হয়। এ সময় আদালত জামিন মঞ্জুর করেন।
একই মামলায় নোমান চৌধুরী নামের আরেকজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষের আইনজীবী আজহারুল হক প্রথম আলোকে বলেন, চাঁদাবাজির মামলায় আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ৮ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।
মামলার তথ্যে জানা যায়, ২০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ২০১৮ সালের ১৯ এপ্রিল ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং সেন্টারের পরিচালক রাশেদ মিয়া বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৩ জানুয়ারি এ মামলায় নুরুল আজিমসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিশ্বজিৎ বর্মণ। এতে বলা হয়, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি বাদীর অফিসে গিয়ে আসামিরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী এত টাকা দিতে পারবেন না জানালে তাঁকে চড়থাপ্পড় মারা হয়। পরে ১৩ এপ্রিল বাদী তাঁর সুগন্ধা এলাকার বাসা থেকে বের হয়ে মুরাদপুর গেলে হকিস্টিক দিয়ে তাঁকে মারধর করেন দুই আসামি।