দ্বৈত নাগরিকদের ব্যাংকঋণ নিতে বাধা নেই: শুনানিতে আইনজীবীরা
বাংলাদেশি দ্বৈত নাগরিকদের ব্যাংকঋণ নিতে আইনি বাধা নেই বলে হাইকোর্টে এক শুনানিতে অভিমত দিয়েছেন তিন আইনজীবী। তবে বাংলাদেশে আয় করা অর্থ দিয়ে কোনো দ্বৈত নাগরিক বিদেশে সম্পত্তি কিনতে পারবেন কি না—তা সুস্পষ্ট নয় বলে উল্লেখ করেছেন তাঁদের কেউ কেউ।
বাংলাদেশ থেকে আয় করা অর্থ দিয়ে কোনো দ্বৈত নাগরিক বিদেশে সম্পত্তি কিনতে পারেন কি না এবং তাদের দায়িত্ব ও দায় সম্পর্কে সংবিধান ও আইনে কী আছে—এ-সংক্রান্ত শুনানিতে আজ সোমবার ওই অভিমত দেন আইনজীবীরা। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন।
‘বিদেশে সম্পদ কেনার উৎসব’ শিরোনামে ৯ ফেব্রুয়ারি একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। সেদিন প্রতিবেদনটি নজরে আসার পর আদালত বাংলাদেশ থেকে আয় করা অর্থ দিয়ে কোনো দ্বৈত নাগরিক বিদেশে সম্পত্তি কিনতে পারেন কি না এবং তাঁদের দায়িত্ব ও দায় সম্পর্কে সংবিধান ও আইনে কী আছে—সে বিষয়ে জানতে চান। রাষ্ট্রপক্ষ, দুদক আইনজীবী ও জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদকে ১৩ ফেব্রুয়ারি ওই বিষয়ে আইনি দিকগুলো তুলে ধরতে বলা হয়। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।
শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, দ্বৈত নাগরিক ঋণ নিতে পারেন। তবে সম্পদ কিনতে পারেন কি না, তা আইনে সুস্পষ্ট করে উল্লেখ নেই। তবে কোন ক্যাটাগরি ও শর্তে তাঁদের ঋণ দেওয়া হয়ে থাকে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য নেওয়া যেতে পারে।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, বিভিন্ন ছলেবলে দ্বৈত নাগরিক দেশের টাকা বিদেশে নিয়ে যেতে পারেন কি? নিয়ে গেলে তা কি অনুমোদনযোগ্য? একজন কানাডার নাগরিক, আবার বাংলাদেশেরও নাগরিক। তাঁর হার্ট (হৃৎপিণ্ড) দুভাগে বিভক্ত।
বিভিন্ন দেশের নাগরিকত্ব আইনের দিকগুলো তুলে ধরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বিবাহসূত্রে, রাজনৈতিক আশ্রয় এবং বিনিয়োগ সূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ আছে। তবে সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিক সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। বাংলাদেশি নাগরিক না হলে সাংবিধানিক পদেও আসীন হতে পারবেন না। তবে ব্যাংকঋণ নিতে বাধা নেই।
বাংলাদেশ ও কানাডার দ্বৈত নাগরিক গাজী বেলায়েত হোসেন (জি এম বেলায়েত), যাঁর বিরুদ্ধে বেসিক ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে দেশত্যাগের অভিযোগ রয়েছে। এর আগে দেশত্যাগে বাধা পেয়ে ২০২১ সালে একটি রিট করেছিলেন বেলায়েত। তাঁর আইনজীবী মো. রুহুল কুদ্দুস বলেন, বিদেশে বসবাসরত নাগরিক বাড়ি কেনার জন্য ঋণ নিতে পারেন। বাংলাদেশেও দ্বৈত নাগরিকের ঋণ নিতে বাধা নেই।
শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন বলেন, অনেকে স্বাভাবিক প্রক্রিয়ায় দ্বৈত নাগরিক হন। তাঁরা মানি লন্ডারিং করেন না। এখন দ্বৈত নাগরিক স্থানীয় নির্বাচন করতে পারেন। সংবিধান অনুসারে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে পারেন না। বিষয়টি আরও দেখার প্রয়োজন আছে। শুনানি নিয়ে আদালত এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনবেন জানিয়ে আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) শুনানির পরবর্তী দিন রেখেছেন।
‘বিদেশে সম্পদ কেনার উৎসব’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদেশে বাড়ি ও সম্পত্তি কেনার ক্ষেত্রে উৎসব চলছে বাংলাদেশিদের। কানাডা, যুক্তরাষ্ট্রের পর দুবাই ও লন্ডনে হিড়িক পড়েছে সম্পদ কেনার। আগে এই আগ্রহের স্থান ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া। এখন সম্পদ কেনার পরিমাণ এতটাই বেড়েছে যে বাংলাদেশিরা এখন সম্পদ কেনায় ধনী দেশের নাগরিকদের টপকিয়ে দখল করে নিচ্ছেন শীর্ষ স্থানগুলো।