১৭ বছর আগের খুনের মামলায় দুজনের যাবজ্জীবন
১৭ বছর আগে চট্টগ্রাম নগরের হালিশহরে সিএনজিচালিত অটোরিকশা গ্যারেজের এক প্রহরীকে শ্বাসরোধে হত্যার মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন আলমগীর হোসেন ও আবু তাহের।
আজ সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই রায় দেন।
সরকারি কৌঁসুলি নোমান চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আলমগীর উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আবু তাহের পলাতক।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর সকালে হালিশহর থানার সবুজবাগ এলাকার হক সাহেবের গ্যারেজের প্রহরী রবিউল আলম কর্মস্থলে গিয়ে ফিরে আসেননি। তিনি ১০ বছর ধরে ওই গ্যারেজে প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পরদিন রবিউলের স্ত্রীকে গ্যারেজের মিস্ত্রি মুর্শিদ আলম জানান রবিউলের মৃতদেহ গ্যারেজে পড়ে আছে। পরে স্ত্রী পারুল আক্তার ও তাঁর ভাই ঘটনাস্থলে গিয়ে রবিউলের হাত-পা এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখতে পান। এ ঘটনায় রবিউলের স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে হালিশহর থানায় অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৮ সালের ৯ জুন আদালতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, ঘটনার আগের দিন রবিউল গ্যারেজে যান। এরপর তাঁর স্ত্রী গ্যারেজের পাশে একটি বালতি কিনতে যান। রবিউল গ্যারেজের সামনে চা বিক্রি করতেন। কাপ ধোয়ার জন্য স্বামীকে বালতি কিনে দিতে স্ত্রী যান। ওই সময় স্ত্রী দেখতে পান গ্যারেজের ভেতর আলমগীর ও আবু তাহের তাঁর স্বামীকে গালাগাল করছেন। কেন গালাগাল করছেন জানতে চাইলে স্ত্রীকেও গালি দিয়ে বের করে দেন। পরদিন গ্যারেজে গিয়ে আর বাসায় ফিরে আসেননি রবিউল। গ্যারেজের কর্মচারীরা তুচ্ছ ঘটনায় রবিউলকে শ্বাসরোধে খুন করেছেন বলে অভিযোগপত্রে বলা হয়।
২০০৯ সালের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।