সেই হত্যা মামলা অধিক তদন্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

মানিকগঞ্জ সদর উপজেলার কৈতরা গ্রামের একটি হ্যাচারি থেকে মো. রুবেল (২২) নামের এক তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় হওয়া হত্যা মামলা অধিক তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আরও কয়েকটি বিষয় পিবিআইকে তদন্ত করতে বলেছেন আদালত।  

বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৩ এপ্রিল এ আদেশ দেন। আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি সম্প্রতি প্রকাশিত হয়েছে।

‘লাশ উদ্ধার থেকে অভিযোগপত্র, ৪২ ঘণ্টার অবিশ্বাস্য তদন্ত’ শিরোনামে গত ২ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ওই মামলার নথি তলবের নির্দেশনা চেয়ে আসামি সোহেল এবং মামলার বাদী ও নিহত রুবেলের স্ত্রী চম্পা আক্তার ৫ মার্চ হাইকোর্টে আবেদন করেন। সোহেল ও চম্পা সম্পর্কে খালাতো ভাই–বোন।

বাদী ও আসামির করা আবেদনের শুনানি নিয়ে ১৪ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানকে ‘কেস ডকেট’সহ আদালতে হাজির হতে নির্দেশ দেন। সে অনুযায়ী ৩ এপ্রিল আদালতে হাজির হন তিনি। সেদিন শুনানি নিয়ে কয়েক দফা নির্দেশনাসহ আদেশ দেন হাইকোর্ট।

পুলিশ সুপারের নিচে নন—পিবিআইয়ের এমন একজন কর্মকর্তা দিয়ে হত্যা মামলাটি অধিক তদন্ত করে ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অধিক তদন্তের সময় চারটি বিষয়ে পিবিআইকে তদন্ত করতে বলা হয়েছে। এর মধ্যে বাদী যখন সংশ্লিষ্ট থানায় এজাহার করেন, তখন বর্তমান অভিযুক্তকে (সোহেল) জড়িত করে অথবা এজাহারে বাদী সই করেছিলেন কি না, নির্যাতন বা ভয়ভীতি দেখিয়ে সোহেলের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে কি না, তা তদন্ত করতে বলা হয়েছে।

একই সঙ্গে এসআই মাকসুদুর রহমান বা অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের সম্পৃক্ততা অথবা তৃতীয় কোনো পক্ষের সহায়তায় বর্তমান অভিযুক্তকে মামলায় জড়িত করা হয়েছে কি না, তা–ও তদন্ত করতে বলা হয়েছে। এর উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে ব্যক্তি বা তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা–ও জানাতে বলা হয়েছে। এ ছাড়া তদন্তের সময় তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট আইনি বিধান অনুসরণ করেছেন কি না, তা–ও দেখতে বলা হয়েছে।

আদেশে হাইকোর্ট বলেছেন, তদন্তের উদ্দেশ্যে তদন্ত কর্মকর্তার (মাকসুদুর রহমান) পাশাপাশি অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের স্বাধীনতা থাকবে পিবিআইয়ের। এ সময়ে মানিকগঞ্জের দায়রা আদালতে থাকা মামলাটির কার্যক্রম স্থগিত থাকবে।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা ৬ এপ্রিল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক মাকসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা আট সপ্তাহের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ হাতে পেয়েছেন জানিয়ে আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন। হত্যা মামলা অধিক তদন্তের সময় আরও চারটি বিষয়ে পিবিআইকে তদন্ত করতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তা বহাল রয়েছে। ফলে তদন্ত চলবে।’

আরও পড়ুন