উৎপাদন, সঞ্চালন ও বিতরণে অসামঞ্জস্য দূর করতে হবে

আব্দুল হাসিব চৌধুরী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। ৪ অক্টোবর বিদ্যুতের জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয় ঘটে। এ নিয়ে এক মাসের মধ্যে জাতীয় গ্রিডে দুবার বিদ্যুৎ বিপর্যয় ঘটল। কেন এমন ঘটনা ঘটছে, ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় কীভাবে এড়ানো সম্ভব, দেশের বিদ্যুৎ-ব্যবস্থার নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন রাফসান গালিব।

  • সঞ্চালন ব্যবস্থায় ঘাটতি রেখে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে সুফল আসবে না।

  • বড় বড় প্রকল্প করা হলেও সেগুলোর পূর্ণ সক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না।

  • মহাপরিকল্পনা যথাযথভাবে অনুসরণ করতে হবে, গ্রিড কোডেও সংশোধন ও সংযোজন জরুরি।

  • দ্রুত সঞ্চালন লাইন তৈরি করার কোনো বিকল্প নেই। সঞ্চালন লাইনের সংযোগ জরুরি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল হাসিব চৌধুরী

প্রশ্ন :

৪ অক্টোবর জাতীয় বিদ্যুৎ গ্রিডে যে বিপর্যয় আমরা দেখলাম, কী কী কারণে এমন ঘটনা ঘটতে পারে?

আব্দুল হাসিব চৌধুরী: বিদ্যুৎ–ব্যবস্থা দেশজুড়ে এমন একটি নেটওয়ার্ক, যেখানে প্রতিটি জেনারেটর, সাবস্টেশন, সঞ্চালন, বিতরণ, লোড (ওই মুহূর্তের চাহিদা)—সবকিছুই একটি আরেকটির সঙ্গে সংযুক্ত। এটা মানুষের তৈরি সবচেয়ে বড় মেশিন বা ইঞ্জিনিয়ারিং সিস্টেম। এমন বিস্তৃত একটি ব্যবস্থায় আলাদাভাবে ইকুইপমেন্ট ফেইলিউর হতে পারে। জেনারেটর নষ্ট হতে পারে, সাবস্টেশনের ব্রেকার নষ্ট হতে পারে, সঞ্চালন লাইনে তার ছিঁড়ে যেতে পারে, কোথাও শর্টসার্কিট হতে পারে। উচ্চ ভোল্টেজের নেটওয়ার্ক হওয়ায় এর কন্ডাক্টরগুলোর মধ্যে ইনসুলেশনটা (পরিবাহী তারের ওপর অপরিবাহী পদার্থের আবরণ) নিশ্চিত করতে হয়। একেকটা জায়গার সমস্যা ও বিচ্যুতির ধরন একেক রকম। এই সবকিছুই মাথায় রেখে গোটা ব্যবস্থাটার ডিজাইন করতে হয়।

সঞ্চালন লাইন হলো মহাসড়কের মতো। ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক লাইনে সমস্যা হলে সেই লাইন বন্ধ করে দিলে কিন্তু গোটা সিস্টেমে প্রভাব পড়বে না। কুমিল্লা নর্থ গ্রিড সাবস্টেশন থেকে হাটহাজারীর দিকে ২৩০ কেভির লাইন আছে। এখন কুমিল্লা নর্থে মানে মহাসড়কের একটি মোড়ে কোনো সমস্যা দেখা দিলে গোটা মহাসড়কই অকেজো হয়ে যেতে পারে। কোনো আঞ্চলিক সড়কে দুর্ঘটনার প্রভাব হয় সীমিত। অবশ্যই বড় একটি ঘটনার জন্য ৪ অক্টোবর বিপর্যয় ঘটেছে, সেটি হয় জেনারেশন বা উৎপাদনের দিক থেকে নয়তো সঞ্চালনের দিক থেকে। ভবিষ্যতে হয়তো সুনির্দিষ্ট ও বিস্তারিতভাবে বিষয়টি জানা যাবে।

জাতীয় গ্রিডে বিপর্যয়ে দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন অনেকে। ঢাকায় বিভিন্ন ভবন ও স্থাপনায় জেনারেটর ব্যবহারের জন্য ডিজেল কিনতে ফিলিং স্টেশনে ভিড় ক্রেতাদের। গত মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর মহাখালীতে।
ছবি: সাজিদ হোসেন

প্রশ্ন :

লোড ও উৎপাদনের মধ্যে তারতম্যের কারণেও এমন বিপর্যয় ঘটতে পারে কি না?

আব্দুল হাসিব চৌধুরী: এটি একটি ডায়নামিক সিস্টেম, মানে খুবই জীবন্ত একটা ব্যবস্থা। এখানে প্রতিমুহূর্তে তেল–গ্যাস পুড়িয়ে জ্বালানি রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। লোডের সঙ্গে উৎপাদনের ভারসাম্য তৈরির বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। এখন লাখ লাখ মানুষ সুইচ অন-অফ করছে, সেটা তো বিদ্যুৎকেন্দ্রে বসে জানা সম্ভব নয়। কোনো একটি ইন্ডিকেটর (নির্দেশক) থেকে তা বুঝতে হবে। লোডের সঙ্গে জেনারেশন বা উৎপাদিত বিদ্যুৎও পেছন পেছন ছুটবে। এটি বোঝার ভালো উপায়, সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা (কম্পাঙ্ক) দেখা। ফ্রিকোয়েন্সি কমে যাওয়া মানে উৎপাদনের তুলনায় লোড বেশি, তাহলে উৎপাদনটা বাড়াতে হবে। ফ্রিকোয়েন্সি বেড়ে গেল মানে লোড কমে গেছে, উৎপাদন কমাতে হবে। যেমনটা আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে দেখি। এখন লোড আর উৎপাদনের একই গতি বা ওঠানামা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বড় ধরনের তারতম্য ঘটলে এবং দ্রুত প্রতিকার করা না গেলে জেনারেটরগুলো নিজেদের মধ্যে তাল মিলিয়ে চলতে পারবে না এবং বিপর্যয় ঘটবে। লোড ও উৎপাদনকে একই গতিতে রাখার জন্য ইকুইপমেন্টের সক্ষমতা নিশ্চিত করতে হবে। দুটিই একসঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কিছু ঘাটতি আসলেই আমাদের আছে।

আবার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য গোটা সিস্টেমের ভিজ্যুয়ালাইজেশনটা খুব জরুরি। তার মানে শত শত জেনারেটর, সঞ্চালন লাইন, লোড ইত্যাদির তথ্য হাতে থাকতে হবে। এসব তথ্য টেবিলে সাজিয়ে রেখে কিছু বোঝা যাবে না। তা ছাড়া সব তথ্যও আসে না, এখানে কিছু ঘাটতি আছে। ভিজ্যুয়ালাইজেশনের জন্য কার্যকর টুলসের দরকার। মানে সফটওয়্যার টুলস। আমাদের এমন টুলস আছে। কিন্তু পর্যাপ্ত নয়। সেগুলো আপডেট করা প্রয়োজন।

আরও পড়ুন

প্রশ্ন :

ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় কীভাবে এড়ানো যায়?

আব্দুল হাসিব চৌধুরী: ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপেও এমন বিপর্যয় ঘটেছে। বিদ্যুৎ–ব্যবস্থায় কোনো অঘটন ঘটতেই পারে। এটা একটা কমপ্লেক্স সিস্টেম (জটিল ব্যবস্থা), এমনভাবে এর ডিজাইন করতে হবে, যাতে দুর্ঘটনা বা ত্রুটিবিচ্যুতি ঘটার আশঙ্কা কমে যায়। বড় কোনো ত্রুটি দেখা দিলেও সিস্টেমটা যাতে অক্ষত থাকে। এ নিয়ে দু–একটি পর্যবেক্ষণ ও প্রস্তাব বলি।

রাস্তায় কিন্তু একই তালে একই গতিতে গাড়ি চালানো সম্ভব হয় না। এখানে সিদ্ধান্ত নিতে ভিজ্যুয়াল ইনফরমেশন, অভিজ্ঞতা ও মাথা খাটানোরও প্রয়োজন হয়। বিদ্যুৎ–ব্যবস্থাটাও তেমন। ভাঙা রাস্তায় গাড়ির ঝাঁকুনি হজম করার সক্ষমতা না থাকলে যাত্রীদের ভোগান্তি হয়। গাড়ির শক অ্যাবজরবার ভালো হতে হবে। আমাদের বিদ্যুৎ–ব্যবস্থায় ঝাঁকুনি ও ধাক্কা সহ্য করার সক্ষমতার ঘাটতি আছে, বিশেষ করে উৎপাদনের ইকুইপমেন্টে। এখানে ছোট ছোট রেসিপ্রোকেটিং ইঞ্জিনচালিত জেনারেটর অনেক। কোনো বিচ্যুতি ঘটলে তার ধাক্কা সহ্য করা এবং হজম করার ক্ষমতা সেগুলোর খুবই কম। সেখানে পরিবর্তন আনতে হবে।

আমাদের সঞ্চালনব্যবস্থা গড়ে উঠেছে এ দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে। পদ্মা ও যমুনা নদী উত্তরবঙ্গকে আলাদা করেছে এবং পদ্মা ও মেঘনা দক্ষিণবঙ্গকে। কিন্তু একটি অঞ্চলের সঙ্গে আরেকটি অঞ্চলের মধ্যে সংযোগটি পর্যাপ্তভাবে নেই। দক্ষিণবঙ্গের সঙ্গে পূর্বাঞ্চলের সরাসরি কোনো সংযোগ নেই। সড়ক যোগাযোগের জন্য পদ্মা সেতু হয়েছে কিন্তু বিদ্যুৎ নেটওয়ার্কের সংযোগও দরকার। গোপালগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত লাইনটা এখনো হয়নি, সেটি হচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গে পায়রা হচ্ছে উৎপাদনের বড় একটি কেন্দ্র, চট্টগ্রামে মাতারবাড়ীও। এই দুই অঞ্চলের মধ্যেও সংযোগের দরকার আছে। রূপপুর থেকে ঢাকার সঙ্গে ৪০০ কেভির সংযোগ হচ্ছে। উদাহরণ হিসেবে কয়েকটি বললাম। এ সংযোগগুলো হলে এ ধরনের বিপর্যয় এড়ানোর সক্ষমতা আমাদের বাড়বে। একইভাবে গ্রিড কোডেও অনেক সংশোধন ও সংযোজন প্রয়োজন রয়েছে।

দ্রুত সঞ্চালন লাইন তৈরি না হলে, যেভাবে পায়রার পূর্ণ সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না, তেমনটি ঘটবে রূপপুর বা মাতারবাড়ীতেও। মূল কথা, উৎপাদন ও লোড অনুসারে সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধি না করলে রূপপুর বা অন্যগুলোর সুফল আমরা সময়মতো পাব না। এখন উৎপাদন ও সঞ্চালনব্যবস্থা ঠিক করার পরও সমস্যা থেকে যাবে, যদি বিতরণব্যবস্থার দিকে যথাযথভাবে মনোযোগ না দেওয়া হয়।

প্রশ্ন :

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০২৪ সালে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে। এখন কোনো কারণে বড় বিপর্যয় ঘটলে সেখানে কেমন প্রভাব পড়বে?

আব্দুল হাসিব চৌধুরী: এমন বিপর্যয়ের ক্ষেত্রে রূপপুর তার নিজস্ব প্রটোকল অনুসারে কাজ করবে। মাতারবাড়ী ও পায়রার ক্ষেত্রেও একই। আলাদাভাবে রূপপুর নিয়ে ভাবতে হবে এমন নয়। সবগুলো একেকটি স্ট্যাবল প্ল্যাটফর্ম। সেগুলো পরিচালনা করার জন্য বাড়তি ব্যবস্থা থাকবে। তবে এরও সীমা রয়েছে, ১০ বছরে একবার বিপর্যয় ঠিক আছে। ঘন ঘন গ্রহণযোগ্য হবে না।

আর রূপপুরের পরিষ্কার একটা রিকয়ারমেন্ট আছে, সিস্টেম ফ্রিকোয়েন্সি প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ হার্জের মধ্যে রাখতে হবে। আমাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে ৫০ হার্জ। লোড ও উৎপাদনের মধ্যে প্রতিমুহূর্তের সমন্বয় করার ইন্ডিকেটর হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন মানুষের স্বাস্থ্য ঠিকঠাক আছে কি না, তার ইন্ডিকেটর রক্তচাপ, পালস ইত্যাদি। এখন আমাদের সিস্টেমে ফ্রিকোয়েন্সি ওঠানামা করে। রূপপুরের প্রয়োজনেই এখানে স্থিতিশীলতা আনতে হবে। সেটি করতে গেলে অন্য যে জেনারেটরগুলো আছে, সেগুলোকে উপযুক্তভাবে কাজে লাগাতে হবে। এসব নিয়ে কিছু কাজ হচ্ছেও। মুশকিল হচ্ছে এখন পর্যন্ত ফ্রিকোয়েন্সি সাপোর্ট দেওয়ার দায়িত্ব এককভাবে সরকারি জেনারেটরগুলোর ওপর। এটি যথেষ্ট নয়।

প্রশ্ন :

রূপপুর, পায়রা ও মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র বিবেচনায় নিয়ে সঞ্চালন লাইন তৈরি হচ্ছে কি?

আব্দুল হাসিব চৌধুরী: সবকিছুই পরিকল্পনায় আছে, কিন্তু বাস্তবায়নে পিছিয়ে আছে। বিদ্যুৎ উৎপাদনে গিয়েও পায়রা পুরোপুরি চালু করা যাচ্ছে না। এর জন্য যে পরিমাণ সঞ্চালন লাইন দরকার, সেটি পরিকল্পনায় থাকলেও বাস্তবায়নে পেছনে পড়ে আছে। এর নানা কারণ থাকতে পারে। হয়তো এখানে ঠিকঠাকমতো বিনিয়োগ হচ্ছে না, যারা বিনিয়োগ করার কথা তারা পিছিয়ে গেছে বা ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে তো নানা ঝামেলা থাকেই। দ্রুত সঞ্চালন লাইন তৈরি না হলে, যেভাবে পায়রার পূর্ণ সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না, তেমনটি ঘটবে রূপপুর বা মাতারবাড়ীতেও। মূল কথা, উৎপাদন ও লোড অনুসারে সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধি না করলে রূপপুর বা অন্যগুলোর সুফল আমরা সময়মতো পাব না। এখন উৎপাদন ও সঞ্চালনব্যবস্থা ঠিক করার পরও সমস্যা থেকে যাবে, যদি বিতরণব্যবস্থার দিকে যথাযথভাবে মনোযোগ না দেওয়া হয়। এখন একটা ঘূর্ণিঝড় এলে লোড কমে যায়। কারণ, বিতরণব্যবস্থাটা খুবই দুর্বল। সেখানেও অনেক কাজ করার আছে।

প্রশ্ন :

২০১৪ সালে বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়ের সঙ্গে এবারের ঘটনার কীভাবে পার্থক্য করবেন?

আব্দুল হাসিব চৌধুরী: ২০১৪ সালে গোটা গ্রিড ভেঙে পড়েছিল। ঘটনা হয়েছিল ভেড়ামারায় কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট—কোথাও বিদ্যুৎ ছিল না। এবারের সমস্যা শুধু পূর্বাঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাকি অঞ্চলে প্রভাব পড়েনি। তাহলে এটাকে বড় ধরনের একটা উন্নতি বলা যাবে। গত ৬ সেপ্টেম্বরও একটি বিপর্যয় ঘটেছিল, সেটি কিন্তু শুধু দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল, ঢাকায় বসে কিন্তু আমরা টের পাইনি। নিঃসন্দেহে আমাদের বিদ্যুৎ–ব্যবস্থায় একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেটিও স্বীকার করতে হবে।

প্রশ্ন :

দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎকেন্দ্র স্থাপন বা বিদ্যুৎ আমদানির দিকে সরকারের মনোযোগ বেশি। সে তুলনায় বিদ্যুৎ সঞ্চালন বা বিতরণে পিছিয়ে থাকার কারণ কী মনে করেন?

আব্দুল হাসিব চৌধুরী: যমুনা সেতু হওয়ার পর এর সঙ্গে যুক্ত সড়কগুলো হয়েছে কত বছর পরে? এখনো চন্দ্রা পর্যন্ত যেতে কত সময় লাগে? এখন পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর যাবেন, সেখানে কী অবস্থা? দেখা গেল, সেতু দুই লাইনের কিন্তু সংযোগ সড়কগুলো থেকে গেল এক লাইনের। বড় বড় প্রকল্প করা হচ্ছে, কিন্তু সেগুলোর পূর্ণ সামর্থ্যকে পুরোপুরিভাবে ব্যবহার করতে যা যা করতে হবে, সেখানে ঘাটতি রয়ে যাচ্ছে। পরিকল্পনার ক্ষেত্রে এটা বড় আকারের একটা ত্রুটি বলা যায়। এখানে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয় না। অথবা গুরুত্বটা মাথায় থাকলেও তা বাস্তবায়নে আমরা বহু বছর পিছিয়ে থাকছি। বিষয়টি আসলে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। কারণ, এখানে নীতিগত সিদ্ধান্ত জরুরি। সরকারের একমাত্র সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এককভাবে এখানে কিছু করার সুযোগ সীমিত।

প্রশ্ন :

বিদ্যুৎ–ব্যবস্থা নিয়ে যে মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান তৈরি করা হয়, এর কার্যকারিতা কেমন বলে মনে করেন?

আব্দুল হাসিব চৌধুরী: গ্রিড কোড অনুসারে প্রতি পাঁচ বছর পরপর আমাদের একটা পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান করা হয়। সর্বশেষ করা হয় ২০১৬ সালে। মাঝখানে করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে হয়নি। এখন সেটি নিয়ে জাপানের বিশেষজ্ঞরা কাজ করছেন। কথা হচ্ছে মাস্টারপ্ল্যান করার পর তাকে নিবিড়ভাবে অনুসরণ করতে হবে। সে অনুসারে আমাদের সিস্টেমটাকে সমন্বয় করে নিতে হবে। কিন্তু আমাদের এখানে সেটি করা হয় না। ফলে উৎপাদন, সঞ্চালন ও বিতরণের কাজগুলো একেকভাবে হচ্ছে। তাৎক্ষণিকভাবে যার যেটা প্রয়োজন হচ্ছে, সেটিই করে যাচ্ছে। এতে একটির সঙ্গে আরেকটির সামঞ্জস্যহীনতা তৈরি হচ্ছে। এই অসামঞ্জস্য দূর করতে হবে। যথাযথভাবে অনুসরণ না করায় মাস্টারপ্ল্যানের কোনো কার্যকারিতা থাকছে না। আমাদের সিস্টেমের সক্ষমতা বৃদ্ধিতে সেটির ভূমিকা সীমিত থাকছে। আর মাস্টারপ্ল্যান করার জন্য দেশীয় যে সক্ষমতা, সেটিও তৈরি করা হচ্ছে না। কেন ২০১০, ২০১৬, ২০২১–এর মাস্টারপ্ল্যান জাপানের বিশেষজ্ঞদের দিয়ে করাতে হচ্ছে? এখানকার গবেষক, বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কেন সেটি করতে পারবেন না। এটিও রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার বলে আমি মনে করি।

প্রশ্ন :

আপনাকে ধন্যবাদ।

আব্দুল হাসিব চৌধুরী: আপনাকেও ধন্যবাদ।