খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম কিনলেন তালুকদার খালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালুকদার আবদুল খালেকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে
ছবি: প্রথম আলো

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক। আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

তালুকদার আবদুল খালেক
ফাইল ছবি

তালুকদার আবদুল খালেক খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি। এর আগে ২০০৮ সাল থেকে তিনি টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করেন। এর মধ্যে ২০০৮ ও ২০১৮ সালে মেয়র নির্বাচিত হলেও ২০১৩ সালে বিএনপির প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে হেরে যান।

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখন পর্যন্ত চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান, রোববার জাতীয় পার্টির আবদুল গফ্ফার বিশ্বাস, সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল আউয়াল এবং আজ আওয়ামী লীগ মনোনীত তালুকদার আবদুল খালেক মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ ৫১ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র পদে ১ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

খুলনা সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বিকেলে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১০১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ৪ জন মেয়র প্রার্থী, ৭৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং ১৮ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী। তিনি বলেন, ১৭ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা নিয়োগের পরই মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ১৬ মে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়া যাবে।