হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু

হামের প্রাদুর্ভাবে হাসপাতালে চিকিৎসাধীন শিশুফাইল ছবি

হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশু মারা গেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৯৩ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৫ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৮৮।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৪৮।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১১৩। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ৪৩১ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩৭ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৬ হাজার ৫২১ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। আর হামের উপসর্গে যে চার শিশু মারা গেছে, তাদের তিনটিই ঢাকা বিভাগের। অপরটি সিলেট বিভাগের।