নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শপথে পাবনায় আনন্দ

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মোনাজাত করেন আওয়ামী লীগের নেতারা। আজ সোমবার পাবনার শহরের আবদুল হামিদ সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়েছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেওয়ায় আনন্দে ভাসছে পাবনাবাসী। সকাল থেকে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো জেলা শহরে। বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয়। দোয়া ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও নতুন রাষ্ট্রপতির প্রতিবেশীরা।

নতুন রাষ্ট্রপতির পৈতৃক ভিটা জেলা শহরের জুবলী ট্যাংক পাড়ার মো. সাহাবুদ্দিন বিনোদন পার্কে আয়োজন করা হয় বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগের। সেখানে বিভিন্ন বয়সী লোকজন উপস্থিত হন। শপথ অনুষ্ঠান শেষে নতুন রাষ্ট্রপতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পরে শুরু হয় মিষ্টি বিতরণ। রিকশাচালক থেকে শুরু করে মহল্লাবাসী সবার মুখে মিষ্টি তুলে দেন পড়ার নবীন-প্রবীণেরা। অনুষ্ঠানে উপস্থিত মো. সাহাবুদ্দিনের প্রতিবেশী ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক বলেন, মহল্লার প্রতিটি মানুষ আজ আনন্দিত।

পাবনার শহরের জুবলি পুকুর এলাকায় মিষ্টিমুখ করাচ্ছেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মো. শাহাবুদ্দিনের প্রতিবেশীরা। আজ বেলা ১২টার দিকে
ছবি: প্রথম আলো

মহল্লার প্রবীণ বাসিন্দা হারুণ-অর-রশিদ বলেন, ‘মো. সাহাবুদ্দিন সব সময় হেসে কথা বলেন। মানুষের সুখ-দুঃখের খবর নেন। তাঁর মতো একজন মানুষ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় আমরা আনন্দিত। তাঁর হাত ধরে দেশ আরও এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

মো. সাহাবুদ্দিনের আরেক প্রতিবেশী সৈয়দ রুমী বলেন, ‘ছোট বেলা থেকেই তাঁকে (মো. সাহাবুদ্দিন) দেখেছি। তিনি অসাধারণ একজন মানুষ। যোগ্য মানুষকেই তাঁর যোগ্য আসনটি দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। তাঁর প্রতিবেশী হিসেবে আজ আমরা গর্বিত, আনন্দিত।’

আরও পড়ুন

একই সময় বড় পর্দায় শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর আয়োজন করা হয় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। সেখানে শপথ অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনা, মিষ্টি বিতরণ ও আনন্দ শোভাযাত্রা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম বলেন, ‘মো. সাহাবুদ্দিন আমাদের গর্ব, অহংকার। তিনি গুণী মানুষ। এমন একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আমরা খুব আনন্দিত। আমরা মনে করি, একজন যোগ্য মানুষ তাঁর যোগ্য আসনে বসলেন।’

মো. সাহাবুদ্দিনের জন্ম পাবনায়, ১৯৪৯ সালে। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে তিনি অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন