শিক্ষার্থীদের জন্য ১৮ এসি বাস চালু করল ইউআইইউ
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১৮টি এসি বাস চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। রাজধানীর ছয়টি রুটে এসব বাস চলাচল করবে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসান মাহমুদ রাজা বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকেও ইউআইইউ গুরুত্ব দিয়ে আসছে। নতুন এসি বাস সেবা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতা মেনে চলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন মইনুদ্দীন হাসান রশীদ।
ইউআইইউকে আন্তর্জাতিক মানের জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার কথা জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নতুন বাস সার্ভিস শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি ক্লাসে মনোযোগী হতে সহায়তা করবে।