বীরেন সোমসহ শিল্পকলা পদক পাচ্ছেন ১৯ ব্যক্তি ও এক সংগঠন
দেশের শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ‘শিল্পকলা পদক’ পাচ্ছেন ১৯ ব্যক্তি ও ১ সংগঠন। আজ সোমবার বিকেলে ২০২১ ও ২০২২ সালের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে জাতীয় শিল্পকলা একাডেমি। নৃত্যকলা, চারুকলা, কণ্ঠসংগীত, লোকসংস্কৃতিসহ শিল্পকলার মোট ১২টি বিভাগে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে।
এর মধ্যে কণ্ঠসংগীতে ২০২১ সালে বিশেষ অবদানের জন্য শিল্পী সাদি মহম্মদ এবং ২০২২ সালে এলেন মল্লিক পদক পাচ্ছেন। চারুকলা বিভাগে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে শিল্পী বীরেন সোম এবং ২০২২ সালে অধ্যাপক অলক রায় পদক পাচ্ছেন।
চলচ্চিত্রের জন্য ২০২১ সালে মতিন রহমান পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
২০২২ সালে এ বিভাগে কাউকে নির্বাচন করা হয়নি। আলোকচিত্রে ২০২২ সালের জন্য পদক পাচ্ছেন রফিকুল ইসলাম। ২০২১ সালের জন্য কাউকে নির্বাচন করা হয়নি। সৃজনশীল সাংস্কৃতিক গবেষক হিসেবে ২০২২ সালের জন্য পদক পাচ্ছেন সফিউদ্দিন আহমদ। ২০২১ সালের জন্য এ বিভাগে কাউকে নির্বাচন করা হয়নি। সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ২০২১ সালের জন্য পদক পাচ্ছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। তবে ২০২২ সালের জন্য কোনো সংগঠনকে নির্বাচন করা হয়নি।
এ ছাড়া ২০২১ ও ২০২২ সালের জন্য যথাক্রমে যন্ত্রসংগীতে মো. নূরুজ্জামান ও ফোয়াদ নাসের; নৃত্যকলায় শারমীন হোসেন ও সাজু আহম্মেদ; নাট্যকলায় অধ্যাপক আবদুস সেলিম ও খায়রুল আলম সবুজ; লোকসংস্কৃতিতে মো. নহীর উদ্দিন ও সুনীল কর্মকার; আবৃত্তিতে কাজী মদিনা ও মীর বরকতে রহমান; যাত্রাশিল্পে এম এ মজিদ ও অরুণা বিশ্বাস এ পদকে ভূষিত হয়েছেন।