রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের ভুল–বোঝাবুঝি দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ বুধবার ‘রোগীর সেবা নিশ্চিতে চাই স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মস্থল’ শীর্ষক সেমিনার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: প্রথম আলো

হাসপাতালে রোগীর স্বজনেরা উদ্বিগ্ন থাকেন। রোগীর অবস্থা ও চিকিৎসা সম্পর্কে স্বজনদের সঙ্গে অনেক ক্ষেত্রেই আলোচনা করেন না চিকিৎসকেরা। ফলে রোগীর কিছু হলে চিকিৎসকদের ওপর চড়াও হন স্বজনেরা। কখনো হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

এ অবস্থা থেকে উত্তরণে দুই পক্ষের মধ্যে ভুল–বোঝাবুঝি দূর করতে হবে। রোগীর অবস্থা এবং চিকিৎসাপদ্ধতি নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে চিকিৎসকদের আলোচনা করতে হবে।

‘রোগীর সেবা নিশ্চিতে চাই স্বাস্থ্যকর্মীর নিরাপদ কর্মস্থল’ শিরোনামে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, রোগীরা চান হাসপাতালে গেলে সেবা পেয়ে তাঁরা ভালো হয়ে যাবেন। ওই সময় যদি চিকিৎসক না থাকেন, যন্ত্র যদি সচল না থাকে, তখন রোগীর অভিভাবকেরা অনেক সময় অঘটন ঘটান। রোগীর অস্ত্রোপচার করতে হলে অভিভাবক ও রোগীর সঙ্গে আলোচনা করে করলে অঘটন কম ঘটবে।

চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের মধ্যে ঝামেলা একটু বেশি হয় জরুরি বিভাগে। তাই জরুরি বিভাগের লোকবল ও যন্ত্রপাতি বাড়াতে হবে; যেন পরিস্থিতি সামাল দেওয়া যায় বলে মন্তব্য করেন জাহিদ মালেক। তিনি বলেন, এমনভাবে কাজ করতে হবে যেন রোগীরাও চিকিৎসকদের ওপর আস্থাশীল হন। ব্যবহারে রোগীরা যেন অখুশি না হন। ভুল চিকিৎসা যেন কম হয়, সেদিকেও চিকিৎসকদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যকর্মী ও হাসপাতালের ওপর হামলা হলে কিংবা চিকিৎসক ভুল করলে দ্রুত বিচার করতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, বিচারে দেরি হলে মানুষ আস্থা হারিয়ে ফেলে। যে সাজা হোক না কেন, দ্রুত কার্যকর করতে হবে। বিচার না হলে মানুষ বিচার হাতে তুলে নেয়। এ সময় তিনি স্বজনদেরও সহনশীল হওয়ার পরামর্শ দেন।

কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী সংসদ অধিবেশনেই আইনটি পাস হতে পারে বলে আশা প্রকাশ করেন জাহিদ মালেক।

চিকিৎসকের কর্মক্ষেত্রে সহিংসতার ঘটনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই ঘটে বলে মন্তব্য করেন সংসদ সদস্য নাজমুল হাসান (পাপন)। তিনি বলেন, দেশে বেশির ভাগ ঘটনাই ঘটে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের ভুল–বোঝাবুঝির কারণে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, অনেক চিকিৎসক আছেন যে রোগীর চিকিৎসা ঠিকমতো করছেন। কিন্তু রোগীর স্বজনেরা বুঝতে পারছেন না, আসলেই তাঁকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে কি না। যে কারণে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

উদাহরণ টেনে আনোয়ার হোসেন বলেন, একজন রোগীর শরীরের ৮০ ভাগ পুড়ে গেলে তাঁকে বাঁচানো খুব কঠিন। এ কথাটি রোগীর স্বজনদের বলতে হবে চিকিৎসককে। সঙ্গে এ–ও বলতে হবে, এরপরও তাঁকে বাঁচানোর খুব চেষ্টা করছেন তাঁরা। তবেই ঝামেলা এড়ানো যায়। কিন্তু এটাই হয় না অনেক জায়গায়।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ সবার সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান। চিকিৎসকেরা সব সময় রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, সেই বিষয়টিও তিনি তুলে ধরেন।

রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসকেরা যে ‘অন্যায় করেন’ তা দূর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। তিনি বলেন, চিকিৎসকের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। চিকিৎসকদের সঙ্গে রোগী ও স্বজনদের যোগাযোগের ক্ষেত্রে দূরত্ব দূর করাও প্রয়োজন।

সেমিনারে বিশিষ্ট চিকিৎসকেরা ছাড়াও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের মালিকেরা উপস্থিত ছিলেন।