আবদুস শাকুরের ছবিতে বাংলার লোকজীবনের রঙিন ভুবন

শিল্পী আবদুস শাকুর শাহের একক শিল্পকর্ম প্রদর্শনীতে ছবি দেখছেন দর্শকেরা। উত্তরার গ্যালারি কায়ায় ১৪ নভেম্বর থেকে এ প্রদর্শনী শুরু হয়েছেছবি: গ্যালারি কায়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার প্রকৃতি, লোকজীবনের প্রেম-বিরহ, সৌন্দর্যচেতনার এক বর্ণিল ভুবন উন্মোচন করেছেন শিল্পী আবদুস শাকুর শাহ তাঁর ‘ফোক আর্ট অ্যান্ড আই’ প্রদর্শনীতে। রাজধানীর উত্তরার গ্যালারি কায়াতে চলছে তাঁর সাম্প্রতিক শিল্পকর্মের এই প্রদর্শনী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক শিল্পী আবদুস শাকুর শাহ দীর্ঘকাল নিমগ্ন রয়েছেন বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যকে আধুনিক চারুশিল্পের মেলবন্ধনে নাগরিক জনরুচির উপযোগী করে প্রকাশ করার সাধনায়। সেই ধারাবাহিকতায় গ্যালারি কায়ার এবারের এই প্রদর্শনীতেও তিনি তুলে এনেছেন ভাটিবাংলার লোককাহিনি ‘মৈমনসিংহ গীতিকা’র মহুয়া, মলুয়া, নদের চাঁদের মতো বিভিন্ন চরিত্র। তাদের সঙ্গে আছে গ্রামীণ প্রকৃতি, ফুল, পশুপাখি ও জনজীবনে নিত্যদিনের ব্যবহৃত সামগ্রী—যেমন কুপি, মাটির পাত্র, সানকি, বোতল, হাতপাখা প্রভৃতি। লোকশিল্পের এসব বিবিধ উপকরণ তিনি এঁকেছেন সাধারণ মানুষের চিরায়ত অঙ্কনরীতির ধাঁচ আয়ত্ত করে। রঙের ক্ষেত্রেও লাল, হলুদ, সবুজ, নীল, কালো বা গোলাপি ও মাটির গৈরিক রং প্রয়োগ করেছেন অ্যাক্রিলিক বা জলরং উভয় প্রকারের কাজে।

প্রদর্শনীটি শুরু হয়েছে ১৪ নভেম্বর। সেদিন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে আবদুস শাকুর শাহের কাজ নিয়ে আলোচনা করেন শিল্পসমালোচক স্থপতি শামসুল ওয়ারেস। অনুষ্ঠানে শিল্পী তাঁর প্রতিক্রিয়া জানান। সঞ্চালনার দায়িত্বে থাকা গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, গ্যালারি কায়া ২৩তম বছরের কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত এখানে একক ও দলীয় মিলিয়ে ১৬৫টি শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শিল্পী আবদুস শাকুরের এই প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৭৪টি। অ্যাক্রিলিক ও জলরং ছাড়াও কালি-কলমের ড্রয়িং, প্যাস্টেল ও মিশ্রমাধ্যমের কাজও আছে কয়েকটি। মানব-মানবীর মুখের সম্মুখ ও পার্শ্বচিত্র প্রধান বিষয় হয়ে এসেছে। নারীর সাজসজ্জায় আছে রঙের বৈচিত্র্য ও বাংলার চিরায়ত গয়নার কারুকাজ। তিনি মহুয়া-মলুয়ার মতো গ্রামীণ নারীদের হৃদয়ের আবেগ-অনুভূতি প্রকাশের পাশাপাশি মালা, চুড়ি, কানের দুল, নাকফুল, খোঁপার কাঁটা, চুলের বিনুনির শৈলীতে গয়নার অলংকরণও তুলে ধরেছেন।

এ ছাড়া শিল্পীর প্রিয় বিষয় হিসেবে এবারের কাজগুলোতে এসেছে ময়ূর, সাপ, মৃৎপাত্র আর গাছপালার ভেতর দিয়ে দেখা পূর্ণচন্দ্র বা কোথাও বাঁকা চাঁদ। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে বাড়ির উঠান বা মাঠে যেমন রঙিন কাগজ ত্রিভুজ আকারে কেটে সুতলির সঙ্গে আঠা দিয়ে আটকে ঝালর তৈরি করা হয়—তেমন বিভিন্ন রঙের ত্রিভুজ আকৃতির জ্যামিতিক নকশা প্রায়ই দেখা যায় তাঁর বিভিন্ন কাজে। এগুলোর পাশাপাশি রয়েছে সাদা, কালো, নীল, সবুজসহ অনেক রঙের বিন্দুর ঘন সন্নিবেশ। কিছু কিছু ক্ষেত্রে তরঙ্গায়িত বা সোজা সরল রেখার গুচ্ছ থাকে প্রধান বিষয়গুলোর পাশে পরিপ্রেক্ষিত সৃষ্টির সহায়ক হিসেবে। আর আঙ্গিক হিসেবে দর্শকেরা গাজী বা মনসার পট, নকশিকাঁথা, কারুকাজখচিত শীতলপাটির আঙ্গিক লক্ষ করতে পারবেন তাঁর উপস্থাপনায়।

এবার তিনি বেশ কিছু নিরীক্ষাধর্মী কাজ করেছেন অ্যাক্রিলিক ও জলরঙে। এর মধ্যে আছে ঝরে পড়া ফুলের রাশি এবং বেশ কয়েকটি বৃত্তাকার কম্পোজিশন। পালকিতে গ্রামের বধূর যাত্রার ছবিটিতে চারপাশে সীমানাপ্রাচীরের মতো করে এঁকেছেন হাতে হাত ধরা মানুষের সারি। এমন সীমারেখা তাঁর অনেক ছবিতেই আছে। সেখানে ফুল, লতাপাতার অলংকরণ থাকে। কিন্তু এই মানুষের প্রতিকৃতিগুলোতে দেখা যাচ্ছে ওপরের অংশের মানুষগুলোর মাথা নিচে আর পা ওপরে, একই রকমভাবে দুই পাশের অবয়বগুলোও অনুভূমিকভাবে আঁকা। বেশ অন্য রকম এক মাত্রা এনে দিয়েছে এই মানুষের সারি।

আবদুস শাকুরের কাজের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তিনি অনুভূমিক বা উল্লম্ব উভয় আকারের কিছু কিছু কাজে মূল বিষয়ের এক পাশে লোকগীতিকা থেকে বেশ কিছু চরণ লিপিবদ্ধ করেন। এই লেখাগুলো ঠিক প্রথাসিদ্ধ লিপিশিল্পের মতো করে লেখা নয়; সাধারণ হস্তাক্ষর। কিছু কিছু পঙ্‌ক্তি বিষয়বস্তুর সঙ্গে মানিয়ে যায় বা লেখার ভাবগত অর্থের দ্যোতনার আবহ ফুটে ওঠে ছবিতে। আবার কোনো কোনো লেখার সঙ্গে ছবির বিষয়ের সরাসরি কোনো সংযোগ থাকে না। আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হলেও পুরো পট মিলিয়ে এক রকমের বিশেষ ব্যঞ্জনার সৃষ্টি করে। এটি তাঁর একান্তই নিজের একটি করণকৌশল, যা তাঁর চিত্রভাষাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে।

গ্যালারি কায়ায় এই প্রদর্শনী চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। আবদুস শাকুর শাহের এই প্রদর্শনী দর্শকদের নিয়ে যাবে বাংলার লোকজীবনের এক রঙিন ভুবন ভ্রমণে।