রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ মহিলা পরিষদের
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ রোববার সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিতে বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে, বিশেষত একজন নারী সংসদ সদস্যকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তচিন্তার পরিপন্থী। এ ধরনের আচরণ নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ এবং নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।’
বিবৃতিতে এই ঘটনাকে শহীদ মিনার অবমাননাকারী এবং নারীবিদ্বেষী কার্যক্রম উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে মহিলা পরিষদ। একই সঙ্গে নারীবিদ্বেষী এ ধরনের উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে সচেতন থাকতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নিজ নির্বাচনী এলাকা সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি রুমিন ফারহানা। শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, তা অন্য আসনেও শুরু হবে। বিষয়টিকে (পুষ্পস্তবক অর্পণে বাধা) বিএনপি যদি ইগনোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।’