চট্টগ্রাম নগরে দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়া ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরের আলমাস সিনেমা হলের সামনের সড়কে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ওই ঘটনা ঘটে।
এই তিন আসামি হলেন—চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ইরফানুল করিম, নগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ও সদস্য নজরুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত রোববার শুনানির জন্য দিন ধার্য করেন। পরে তিনজনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রাজধানীর নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদে ওই দিন রাতে ঝটিকা মিছিল বের করা হয় চট্টগ্রাম নগরে। মিছিলটি আলমাস সিনেমা হলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পেছনে থাকা কয়েকজন দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়েন। এতে গাড়ি দুটির কাচ ভেঙে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক গাড়ির মালিক মামলা করেন। নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০–৪০ জনকে আসামি করা হয় মামলাটিতে। পরের দিন বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।