অনলাইনে ভুয়া তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এ অংশ নেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ২০ এপ্রিল, ২০২৬ছবি: প্রথম আলো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাস করে না। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি। অতীতে যা হয়েছে, তা থেকে তাঁরা বেরিয়ে আসতে চান।

সোমবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে এবং অনলাইনে ভুয়া তথ্য ও চরিত্রহনন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ‘ডিজইনফরমেশন’ মোকাবিলায় নির্ভুল সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়াই সরকারের এখন প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই এক্সজ্যাক্টলি (প্রকৃত) তথ্যই জনগণের সামনে আসুক। অনলাইনে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা প্রতিরোধে আমরা কাজ করছি। একই সঙ্গে ডিজিটালাইজেশন–প্রক্রিয়া জোরদার করার পাশাপাশি গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চলছে।’

বর্তমান সরকারের সময়ে গণমাধ্যমকর্মীরা ভয়মুক্ত হয়ে কাজ করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর ভয়ে ছিলেন, এখনো কি ভয় পাবেন? এটলিস্ট (অন্তত) আপনারা গত দুই মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন।...মিডিয়া যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে এইটুক আপনাদের বলতে পারি।’

সরকারি বিজ্ঞাপন বণ্টন নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যাতে কোনো গণমাধ্যম বঞ্চিত না হয় এবং বিজ্ঞাপন বণ্টনে বৈষম্য কমে।

সাংবাদিকদের বেতন-ভাতা ও ওয়েজ বোর্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে এবং আসন্ন বাজেটে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সচিবালয়ে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থান নিয়ে তিনি মোটেও সন্তুষ্ট নন। এত বড় মন্ত্রণালয়ে সাংবাদিকদের জন্য যে জায়গা রাখা হয়েছে, তা অত্যন্ত অপর্যাপ্ত ও অবহেলিত। এটি আধুনিকায়ন করা জরুরি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী।