দুদকের মামলায় টেকনাফের ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফের ইউনিয়ন পরিষদের(ইউপি) এক চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম আমজাদ হোসেন (৩৬)।

আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ শুনানি শেষে এই আদেশ দেন।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ প্রথম আলোকে বলেন, সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ গ্রহণ করেও নির্ধারিত সময়ে জমা না দেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে আমজাদ হোসেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর আমজাদ হোসেন ও তাঁর স্ত্রীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেয় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২। ওই মাসের ২২ সেপ্টেম্বর দুদকের নোটিশ গ্রহণ করেন আমজাদ। নোটিশ গ্রহণ করে আমজাদের স্ত্রী সম্পদের বিবরণী জমা দিলেও নির্দিষ্ট ২১ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দেননি আমজাদ। তাই তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর তৎকালীন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১১ সেপ্টেম্বর আমজাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। মামলার হওয়ার পর আমজাদ হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হলে তিনি অনেক দিন ধরে পলাতক ছিলেন। আজ তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।