বিএনপির ২০৬ নেতা–কর্মীর ছয় সপ্তাহের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

পুলিশের কাজে বাঁধা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে চার জেলায় করা পৃথক মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২০৬ স্থানীয় নেতা-কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

আগাম জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

আইনজীবীদের তথ্যমতে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ সামনে রেখে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা, পুলিশের কাজে বাঁধা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করার অভিযোগে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের টঙ্গী থানায় করা পৃথক মামলায় আগাম জামিনের জন্য নেতা-কর্মীরা আজ আদালতে হাজির হন।

আদালতে জামিন আবেদনকারী নেতা-কর্মীদের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। বিএনপির নেতা-কর্মীদের পক্ষে আইনজীবী শফিউল আলম, কামাল হোসেন, মাকসুদ উল্লাহ, সালেহ আকরামসহ প্রমুখ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ রয়েছে। মামলায় করা এ অভিযোগের আইনগত ভিত্তি নেই। বানোয়াট অভিযোগে করা এসব মামলার উদ্দেশ্য হচ্ছে, স্থানীয় নেতা-কর্মীদের হয়রানি করা। হাইকোর্ট ২০৬ নেতা-কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর সংশ্লিষ্ট জেলার দায়রা আদালতে তাঁদের আত্মসমর্পণ করতে বলা হয়েছে।