পূর্ব বাংলার প্রকৃতি প্রভাব রাখে রবীন্দ্রনাথের সাহিত্যে  

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনে ‘নদীতীরের প্রেমের গান’ শীর্ষক সেমিনারে বাঁ থেকে আজিজুর রহমান, শাহ আজম শান্তনু, আতিউর রহমান ও স্বাতী সরকার। শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে
ছবি: প্রথম আলো

পূর্ব বাংলার প্রকৃতির রূপ প্রবলভাবে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। পদ্মা, আত্রাই, চলনবিলের বুকে ঘুরতে ঘুরতে তিনি রচনা করেছেন অনেক গান। এ সৃষ্টি ছিল তাঁর প্রাণের আনন্দ। আজ শুক্রবার বিকেলে ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজনে বক্তাদের আলোচনায় উঠে এল এসব কথা।

দ্বিতীয় দিনের বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় প্রবন্ধ পাঠ ও আলোচনার পর। ‘নদীতীরের প্রেমের গান’ শিরোনামে মূল প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রবন্ধটি পাঠ করেন শিল্পী স্বাতী সরকার। এ প্রবন্ধে উঠে আসে পূর্ব বাংলার শিলাইদহ, পতিসরে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনায় প্রকৃতির প্রভাবের কথা। পূজা, প্রেম, প্রকৃতি বিভিন্ন পর্বে রচিত কবিগুরুর গানে রয়েছে সেই প্রমাণ। পূর্ববঙ্গে অবস্থানকালে রচিত গানের বড় বৈশিষ্ট্য কবির একাকিত্ব। ছিন্নপত্র–এর চিঠির মধ্যেও পাওয়া যায় পূর্ব বাংলার রূপ–রসে তাঁর বিভোর হওয়ার কথা। অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক শাহ আযম শান্তুনু ও আজিজুর রহমান তুহিন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান।

সাংস্কৃতিক আয়োজনে প্রদীপ প্রজ্বালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। রবিরশ্মি সুবচনে অংশ নিয়েছেন তিনি। শিল্পী লাইসা আহমদ লিসার সংগীত এবং শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় পরিবেশন হয় গীতি–আলেখ্য ‘সবার উপরে মানুষ সত্য’। শিল্পী প্রিয়াংকা গোপ, বিজন চন্দ্রসহ চারজন শিল্পী পরিবেশন করেন নজরুলসংগীত। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী ইফফাত আরা দেওয়ান, সেঁজুতি বিশ্বাস, বাদল দাসসহ ২০ জনের বেশি শিল্পী।

এর আগে সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয় প্রতিনিধিদের প্রীতি সম্মেলন। এতে অংশ নেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সারা দেশের ৭০টি শাখার শিল্পী, কলাকুশলী ও সংগঠকেরা।

শনিবার বিকেলে গুণীজন সম্মাননা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের তিন দিনের সম্মেলন। ৪১তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হয়েছিল ৪ মে বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। ‘তুমি নব নব রূপে এসো প্রাণে’ বোধন সংগীতের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বালন করে উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার।