ভারতে পালানোর প্রস্তুতিকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে মো. আবদুল মাজেদ (৩২) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ বৃহস্পতিবার মাদারীপুর সদর থানার কুনতিপাড়া এলাকা থেকে আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়।
এটিইউয়ের গণমাধ্যম ও সচেতনতা বিভাগের পুলিশ সুপার আসলাম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১১ সালের ২৩ আগস্ট বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর দক্ষিণপাড়ার মাহবুবুর রহমানের ছেলে রোমান হোসেন (৫) নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির দাদা হজরত আলী শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ২৮ আগস্ট মাহবুবুরের প্রতিবেশী আবদুল মাজেদকে সন্দেহ হয় গ্রামবাসীর। তাঁকে আটক করার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল মাজেদ শিশুটিকে হত্যার দায় স্বীকার করেন। ওই ঘটনায় শিশুটির বাবা শাজাহানপুর থানায় মামলা করেন। শিশুটির পরিবারের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে। ১৩ ফেব্রুয়ারি মামলার রায়ে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আবদুল মাজেদ ও তাঁর সহযোগী আবদুল খালেককে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
এটিইউয়ের পুলিশ সুপার আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল খালেক ভারতে পালিয়ে গেছেন। আবদুল মাজেদও পলাতক ছিলেন ও দালালের মাধ্যমে দু-এক দিনের মধ্যে ভারত পালিয়ে যাওয়ার পরিকল্পনার অংশ হিসেবে মাদারীপুর অবস্থান করছিলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশকে আক্রমণ করে গুরুতর আহত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে বগুড়া সদর থানায় করা মামলা বিচারাধীন।