ইয়াবার মামলায় এক ব্যক্তির ৬ বছরের কারাদণ্ড
ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মো. সাদেক নামের এক ব্যক্তিকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি বছরখানেক আগে জামিন পাওয়ার পর থেকে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ আগস্ট নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা সাদেককে গ্রেপ্তার করেন। ওই সময় তাঁর কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বাকলিয়া থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ৬ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।