সরকারের দমননীতি আরও সম্প্রসারিত হয়েছে: আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম নগরে জাতীয়তাবাদী চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান
ছবি: সংগৃহীত

ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সরকারের দমননীতি এখন আরও সম্প্রসারিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা–কর্মীদের পাশাপাশি এখন সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিকদের গ্রেপ্তার ও নির্যাতন করছে সরকার।’ 

শুক্রবার চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় একটি সম্মেলনকক্ষে জাতীয়তাবাদী চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। 

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য সারা দেশে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি এখন সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিকদের গ্রেপ্তার ও নির্যাতন করছে সরকার। এ ছাড়া প্রশাসনে মেধাবী ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে।’ 

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম প্রমুখ।