নিজড়া ইউনিয়ন পরিষদ
রক্ষিত জায়গা রেজিস্ট্রি করে কার্যালয় নির্মাণ চেয়ে আবেদন নিষ্পত্তির নির্দেশ
গোপালগঞ্জ সদরের নিজড়া ইউনিয়ন পরিষদের বর্তমান স্থানের পাশে রক্ষিত জমি ইউনিয়ন পরিষদটির নামে রেজিস্ট্রি করে ইমারত বা কার্যালয় নির্মাণের ব্যবস্থা নিতে করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। আইন অনুসারে ৬০ দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
‘১৩নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়টি বর্তমান স্থানের পাশে রক্ষিত–দান করা জমি ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রিপূর্বক ইমারত/কার্যালয় নির্মাণ করা’ বিষয়ে গত ২৪ মে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন মো. মশিউর রহমান ও নিজড়া ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যসহ ওখানকার ৩০ বাসিন্দা। এতে ফল না পেয়ে গত সপ্তাহে মশিউর রহমানসহ স্থানীয় বাসিন্দারা রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী, সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবু জাফর মানিক।
আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী আজ বুধবার প্রথম আলোকে বলেন, গত ২৪ মে করা আবেদনটি নিষ্পত্তি করতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং আবেদনটি নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।