সাঙ্গু গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেপ্তার ১৬
রাষ্ট্রায়ত্ত সাঙ্গু প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম (৪০), মো. মারুফ (২৫), মো. সাদেক (২৮), মো. তাসিব (১৯), মো. সজীব (১৮), মো. হামিদ (৩৩), মো. মফিজ (২৫), মো. সোহেল (২৭), মো. সোহরাব (৪৩), মো. বাবুল (৩৮), মো. মুন্না (৩৫), মো. তানভীর (৩৪), মো. তুহিন (২৭), মো. বাবু (২৯), মো. সিদ্দিক (৪০) ও মো. জসিম (৫০)।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার (গণমাধ্যম) আবদুর রহমান বলেন, পরিত্যক্ত সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে দুটি বড় নৌকার সন্দেহজনক অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ডের দল ঘটনাস্থলে যায়। দেখা যায়, কয়েকজন গ্যাসক্ষেত্রের বিভিন্ন কাঠামো কেটে নৌকায় তুলছেন। দ্রুত অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্যাসক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামো, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় মামলা হয়েছে উল্লেখ করে আবদুর রহমান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, তাঁরা বেশ কিছুদিন ধরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাঠামো ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির সঙ্গে জড়িত রয়েছেন। এসব মালামাল তাঁরা চট্টগ্রামের ভাটিয়ারীতে বিক্রি করেন।
১৯৯৬ সালে সাঙ্গু গ্যাসক্ষেত্র আবিষ্কার করে ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জি। ১৯৯৮ সালে সেখান থেকে গ্যাস উৎপাদন শুরু করে কোম্পানিটি। ২০১৪ সাল পর্যন্ত এই ক্ষেত্রে গ্যাস উৎপাদন করা হয়। এরপর উৎপাদন কমে গেলে ক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হয়। এটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে।