নানা কাজের মাইক্রোওয়েভ ওভেন
অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত। বাসায় ফিরে ঠান্ডা খাবার খাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে মাইক্রোওয়েভ ওভেন। শুধুই কি খাবার গরম! নানা রকম মজাদার খাবার তৈরিতেও ওভেনের জুড়ি নেই।
জীবনকে আরও সহজ করতে রয়েছে মাইক্রোওয়েভ ওভেনের ভূমিকা। এ সম্পর্কে বাটারফ্লাইয়ের সেলস ডিরেক্টর মকবুল্লে হুদা চৌধুরী বলেন, ‘নাগরিক জীবনে ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়াতে হয় প্রতিনিয়ত।
সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কুলিয়ে উঠতে পারেন না অনেকেই। ঘরের কাজ ও জীবন সহজ করে এমন গৃহস্থালি সহায়ক পণ্যের কথা বলতে গেলে ওভেন আসে প্রথমেই।’
রকমারি ওভেন
বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওভেন পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনের মূল ম্যাজিকটা হলো, আপনি যখন প্লেটে করে খাবার গরম করতে দেবেন, তখন প্লেট বা পাত্র গরম না হয়ে শুধু খাবারটাই গরম হবে। এ ছাড়া বাজারে ইলেকট্রিক ওভেন ও গ্যাস ওভেন পাওয়া যায়।
মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার
রান্নার কাজটি সহজ করার জন্য যেসব ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহার করা হয়, তার মধ্যে মাইক্রোওয়েভ ওভেন অন্যতম। দ্রুত খাবার গরম করার পাশাপাশি কিছু মাইক্রোওয়েভ ওভেনে খাবার রান্না করারও অপশন রয়েছে। কেক, ডেজার্ট, চিকেন তন্দুরিসহ মজাদার নানা উপকরণ মাইক্রোওয়েভ ওভেনে সহজেই রান্না করা যায়। মাইক্রোওয়েভ ওভেনগুলোতে এখন অনেক অপশন আছে, যা জীবনকে করে আরও সহজ।
একটি ওভেন কেনার আগে কিছু অপশন বিবেচনা করতে পারেন যেমন, অটোমেটিক ডিফ্রস্ট, প্রিহিট বা বিশেষ প্রিপ্রোগ্রাম, ‘অটো কুক’ ইত্যাদি। ব্যস্ত জীবনে অটো কুক খুবই ভালো একটি অপশন, অটো কুক মেনু থেকে কেবল একটি ডিশ নির্বাচন করুন এবং স্টার্ট চাপুন, এতেই হয়ে যাবে রান্না। কিছু মাইক্রোওয়েভ ওভেনে চাইল্ড লক অপশনও রয়েছে, যেটি টেনশনমুক্ত রান্না ও সুরক্ষার জন্য সেট করতে পারেন।
যেভাবে পরিষ্কার করবেন
মাইক্রোওয়েভ ওভেনের দাগ দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এর জন্য বেকিং সোডায় পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ওভেনের দাগের ওপর লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট পর স্পঞ্জ দিয়ে দাগ ঘষে ওভেনের দাগ তুলে নিতে পারেন। মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করতে লেবুর রস বা সাদা ভিনেগারও ব্যবহার করতে পারেন।
ওভেন পরিষ্কার করতে একটি কাপড় বা কাগজও ব্যবহার করতে পারেন। এ ক্ষেত্রে কাগজ বা কাপড় রোল করে মাইক্রোওয়েভে রেখে ১ থেকে ২ মিনিটের জন্য মাইক্রোওয়েভ চালু করুন। এরপর একই কাগজ বা কাপড় দিয়ে ওভেন মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের সময় প্লাগ খুলে ফেলতে ভুলবেন না। অনেকেই তাড়াহুড়ো করে প্লাগটি সরাতে ভুলে যান। এতে বিদ্যুৎস্পৃষ্টও হওয়ার আশঙ্কা থাকে।
ওভেনের যত্ন
মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য ওভেন প্রুফ বাটি ব্যবহার করতে হবে। ওভেনের পেছনের দিকে যেন কোনো ময়লা না জমে বা পোকামাকড় না ঢোকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওভেন পরিষ্কার করার আগে প্লাগটি বৈদ্যুতিক সংযোগ থেকে খুলে নিন। গরম থাকা অবস্থায় ওভেনের দরজাটি বন্ধ না করাই ভালো। ওভেনে খাবার গরম করার সময় এবং রান্না করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখা উচিত।