প্রশিক্ষণ শেষে আইসিএওর সনদ পেলেন বেবিচকের ২৪ কর্মকর্তা
ঢাকায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। আজ সোমবার সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, দেশের এভিয়েশন প্রশিক্ষণব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ কর্মকর্তা সফলভাবে কোর্স সম্পন্ন করে সনদ গ্রহণ করেন। আয়োজকদের মতে, আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে তাঁদের গড়ে ওঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী ‘ওভারভিউং অব এভিয়েশন ট্রেনিং’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন। এতে বৈশ্বিক এভিয়েশন প্রশিক্ষণ, ট্রেইনএয়ার প্লাস কর্মসূচি, প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও সম্প্রসারণ এবং কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বেবিচকের বিভিন্ন বড় প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনবল প্রয়োজন। এ ক্ষেত্রে সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথি আবু সাঈদ মেহবুব খান বলেন, এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা, এভিয়েশন নিরাপত্তা, এয়ারড্রোম পরিচালনা এবং উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রশিক্ষণ চাহিদা মূল্যায়নের ভিত্তিতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সিমুলেশন, মাঠপর্যায়ের অনুশীলন ও দক্ষতা মূল্যায়নের সমন্বয়ে নতুন প্রজন্মের এই প্রশিক্ষণ নিরাপত্তা ও দক্ষতা বাড়াবে।
অনুষ্ঠানে বেবিচকের সদস্য, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।