রাজধানীর মিরপুরে স্কুলমাঠে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার এফএম স্কুলমাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. মহসিন (১৭) নামের এক কিশোর আহত হয়েছে। সে ওই স্কুলেরই এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিনদের বাসা মিরপুর মাজার রোডের দ্বিতীয় কলোনিতে। হাসপাতালে তার বাবা নূর আল আমিন প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে বেরিয়ে ছেলে আর বাসায় ফেরেনি। বিকেল চারটার দিকে স্কুলমাঠে বসে থাকার সময় ১০-১২ জন যুবক মহসিনকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরি মেরে তারা পালিয়ে যায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কারা, কেন ছেলের ওপর এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে রাতে যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন প্রথম আলোকে বলেন, কিশোর মহসিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মহসিনের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।