গত দেড় মাসে ৩৭৬ যানবাহনে আগুন দেওয়া হয়েছে: পুলিশ
বিএনপির মহাসমাবেশ–পরবর্তী হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে গত দেড় মাসে সারা দেশে ২৪১টি যানবাহন ভাঙচুর এবং ৩৭৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। আজ বুধবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।
তবে পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে জানা যায়, ২৮ অক্টোবর থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত (১২ ডিসেম্বর) সারা দেশে ২৫০টির বেশি যানবাহনে (ট্রেন ছাড়া) অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতে ১২৩টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিনটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে।