রাজধানীর ১৩টি আসনের পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ১৩টি আসনের পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়েছে। কাকরাইলে অবস্থিত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে এ গণণা শুরু হয় বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) মো. আবদুর রহিম।
পোস্টাল ব্যালট গণনা করা আসন ১৩টি হলো ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৪, ঢাকা-১৬, ঢাকা-১৭ ও ঢাকা-১৮।
আবদুর রহিম জানান, ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ শুরু হয়েছিল। এখন তা গণনা করা হচ্ছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পর্যাপ্ত স্থান সংকুলান না হওয়ায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পোস্টাল ব্যালটের বাক্সগুলো নিয়ে সেখানে গণনা করা হচ্ছে।
এই কর্মকর্তা আরও জানান, ঢাকার এই ১৩ আসনের নিজ নিজ ভোটকেন্দ্র থেকে গণনার পরে সরাসরি ভোটের ফলগুলো বিভাগীয় কমিশনারের কার্যালয়ে (ঢাকা রিটার্নিং অফিসারের কার্যালয়) আসবে। এর সঙ্গে সংশ্লিষ্ট আসনের পোস্টাল ব্যালটের সংখ্যা যোগ করে আসনভিত্তিক ভোটের প্রাথমিক ফল প্রকাশ করা হবে।