তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘জাতীয় প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলনকেন্দ্র। রমজানের দ্বিতীয় দিন এখানে সবার সঙ্গে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় তিনি সাংবাদিক সমাজসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে আমরা আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা কামনা করছি।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সহযোগিতা ও দিকনির্দেশনা একান্ত প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।