প্রকাশিত হলো ‘অগ্রসরমাণ একটি অর্থনীতি, ৫০ বছরে বাংলাদেশ’
বাংলাদেশের ৫০ বছরে অর্থনীতির অর্জন নিয়ে প্রকাশিত হয়েছে ‘অগ্রসরমাণ একটি অর্থনীতি, ৫০ বছরে বাংলাদেশ’। রাজধানীর একটি হোটেলে গত বুধবার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বইটিতে বিভিন্ন বিষয়ে দেশের প্রথিতযশা ১২ জন অর্থনীতিবিদের প্রবন্ধ স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশনস। সম্পাদনা করেছেন সাদিক আহমেদ, ফখরুল আলম ও জিয়াউল করিম।
বইটির লেখকদের মধ্যে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, মোস্তফা কে মুজেরী, নিয়াজ মুজেরী, সেলিম রায়হান, জায়েদী সাত্তার, আব্দুর রাজ্জাক, বজলুল এইচ খন্দকার, আহসান এইচ মনসুর, এম রোকনুজ্জামান, সারোয়ার জাহান, শিবলী রুবাইয়াৎ-উল-ইসলাম ও সাদিক আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথযাত্রায় বাংলাদেশ অসাধ্যসাধন করেছে। গণতন্ত্র বজায় রেখে অর্থনীতির উন্নয়ন একটি উত্তম ধারণা। আর এই ধারণা নিয়ে এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বইটির অনেকগুলো লেখায় আমরা দেখতে পাব বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের পেছনে কীভাবে বিভিন্ন বিষয় অবদান রেখেছে। বিশেষ করে ম্যাক্রো ইকোনমিকস ব্যবস্থাপনায় সংস্কার, ট্রেড পলিসি, বিনিয়োগ এবং আর্থিক ট্রেড সেক্টর, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়ন।’
করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, এর মধ্যেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এবং আগের অবস্থায় ফিরে যাওয়া বিশেষভাবে প্রশংসনীয়।