শামসুজ্জামানকে রাতের আঁধারে তুলে নেওয়া সাংবাদিক নিপীড়নের নিকৃষ্ট উদাহরণ: বিএফইউজে-ডিইউজে
সাভারে কর্মরত প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে রাতের আঁধারে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। দুই সংগঠনের নেতারা অবিলম্বে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেছেন, এ ঘটনায় আবারও সরকারের হঠকারী ও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। একই সঙ্গে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কণ্ঠরোধে ধারাবাহিক নিপীড়নেরই নিকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে শামসুজ্জামানের আটক। গতকাল বুধবার এ বিবৃতি দেয় সংগঠন দুটি।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে বলেন, সাভারে কর্মরত প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে রাতের আঁধারে একটি বাহিনীর পরিচয়ে সাদাপোশাকে সাভারে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তাঁর বাসায় তল্লাশি চালিয়ে ল্যাপটপ, হার্ডডিস্কসহ ডিজিটাল ডিভাইস নিয়ে যাওয়া হয়েছে। এমনকি সিআইডি পরিচয়ে ১৫-১৬ জন সাদাপোশাকে তাঁর বাড়িতে অভিযান চালালেও সংস্থাটির মিডিয়া প্রধান এ ব্যাপারে অবগত নন বলে জানান। স্থানীয় পুলিশও অজ্ঞতা প্রকাশ করেছে। অথচ নিয়ে যাওয়ার সময় বলা হয়েছে, একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী একটি মামলায় শামসুজ্জামানকে আটকের বিষয়টি স্বীকার করলেও তাঁর বক্তব্য নিয়েও অস্পষ্টতা প্রকাশ পেয়েছে। এতে রাষ্ট্রের কাছে ব্যক্তিনিরাপত্তা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
দুই সংগঠনের নেতারা বলেন, সাংবাদিকের কোনো প্রতিবেদন নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হওয়ার কথা। এর মধ্যে অত্যুৎসাহী কেউ ফৌজদারি মামলা করলে আইন অনুযায়ী পরোয়ানা জারির পর অভিযুক্ত আইনিভাবে তা মোকাবিলা করার কথা।
দুই সংগঠন অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করে।