বন্ধকি সম্পত্তি কম, তাই ঋণখেলাপির পাঁচটি গাড়ি জব্দের নির্দেশ
চট্টগ্রামে এক ঋণখেলাপির পাঁচটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর নাম মো. সিরাজদ্দৌলা। আজ বৃহস্পতিবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংক নগরের পাহাড়তলী শাখা থেকে সীতাকুণ্ডের স্ক্র্যাপ ব্যবসায়ী মো. সিরাজদ্দৌলা ঋণ নেন। কিন্তু যথাসময়ে তা পরিশোধ না করায় খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৪৮ কোটি ৬৯ লাখ টাকা। এই কারণে ২০১৬ সালে ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। কিন্তু দীর্ঘদিনেও ঋণ পরিশোধ করেননি তিনি। আবার ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখা হয়েছে, তা–ও সামান্য। ওই সম্পত্তির মূল্যের চেয়ে ঋণ বেশি।
অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ঋণখেলাপির পাঁচটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গাড়িগুলো যাতে বিক্রি কিংবা হস্তান্তর ও রুট পারমিট নিতে না পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) এ নির্দেশ দিয়েছেন আদালত।