মন্ত্রীদের জন্য পরীক্ষা নিয়ে ৪৭ গাড়িচালক চূড়ান্ত

প্রতীকী ছবি

নতুন মন্ত্রীদের গাড়িচালক হিসেবে ৪৭ জনকে চূড়ান্ত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। আজ শনিবার সরকারি ছুটির দিনে রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত অধিদপ্তর মিলনায়তনে ১০০ জন চালকের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। সেখান থেকে ৪৭ জনকে চূড়ান্ত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মৌখিক পরীক্ষায় চালকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, তাঁদের অতীত ইতিহাস, চাকরির বয়স, অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক সক্ষমতা—এসব দিক দেখা হয়েছে। বিগত সময়ে মন্ত্রীদের চালকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। তাই মৌখিক পরীক্ষায় চালকদের অতীত রেকর্ড দেখা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এদিকে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য মনোগ্রাম ও পতাকা স্ট্যান্ডযুক্ত ৫০টি গাড়ি প্রস্তুত রাখতে যানবাহন অধিদপ্তরকে চিঠি দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমান উপদেষ্টাদের মধ্যে অনেকেই তাঁদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তরে জমা দিয়েছেন। তা ছাড়া যতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন, তার চেয়ে বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যতটি গাড়ি চাওয়া হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য গানম্যান ও প্রটেকশন প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিদের শপথবাক্য পড়ানো ও অতিথিদের আসনবিন্যাসও চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এবারের নির্বাচনের মধ্য দিয়ে দুই যুগ পর সরকার গঠন করছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, বিএনপি এ ঘোষণা আগেই দিয়েছে।

ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণ হওয়ার কথা রয়েছে।