জরুরি পরিস্থিতিতে মানসম্পন্ন সেবায় সেরা হাসপাতাল কক্সবাজারের হোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালে আইএইচএফের বৈশ্বিক সম্মেলনে জরুরি পরিস্থিতিতে মানসম্পন্ন সেবা শাখায় সেরা হাসপাতালের পুরস্কার গ্রহণ করেন কক্সবাজারের ‘হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন’–এর প্রতিষ্ঠাতা ইফতিখার মাহমুদ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন এ বছর ইন্টারন্যাশনাল হসপিটাল ফেডারেশনের (আইএইচএফ) একটি বিশেষ শাখায় সেরা হাসপাতালের স্বীকৃতি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব হাসপাতাল সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।

সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান আইএইচএফ প্রতিবছর বৈশ্বিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন শাখায় (ক্যাটাগরি) সেরা হাসপাতালকে স্বীকৃতি দেয়। জরুরি পরিস্থিতিতে মানসম্পন্ন সেবা শাখায় কক্সবাজারে অবস্থিত হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেনকে সেরা হাসপাতালের সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ইফতিখার মাহমুদের হাতে স্বর্ণের স্মারক তুলে দেওয়া হয়।

হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন ২০০৫ সালে প্রথম রামু এলাকায় কাজ শুরু করে। বর্তমানে কক্সবাজার জেলায় এই হাসপাতালের বেশ কয়েকটি শাখা রয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার শুরু থেকে তাদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন। মূলত জরুরি পরিস্থিতিতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের মানসম্পন্ন সেবা দেওয়ায় জন্য তাদের সেরা হাসপাতালের স্বীকৃতি দিয়েছে আইএইচএফ।

আরও পড়ুন

১০০ শয্যার হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন মূলত হোপ ফাউন্ডেশনের একটি অঙ্গপ্রতিষ্ঠান। হোপ ফিল্ড হসপিটাল ফর উইমেন অ্যান্ড চিলড্রেন ছাড়াও তাদের রয়েছে ১০০ শয্যার হোপ ম্যাটারনিটি ও ফিস্টুলা কেন্দ্র, ১৫টি হোপ বার্থ সেন্টার, ৯টি যৌন ও প্রজনন স্বাস্থ্যকেন্দ্র, একটি হোপ মিড ওয়াইফারি ইনস্টিটিউট। ফিস্টুলা চিকিৎসার জন্য হোপ ফাউন্ডেশনের আছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। কক্সবাজারের বাইরে সম্প্রতি বরিশাল বিভাগে বিনা মূল্যে ফিস্টুলা চিকিৎসাসেবার কাজ শুরু করেছে হোপ ফাউন্ডেশন।