ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জাপানে কর্মসংস্থান নিয়ে সেমিনার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জাপানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কারিগরি শিক্ষার গুণমান বৃদ্ধি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার সম্প্রতি সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম এবং জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেইটিও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহাইড এবং জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট সুগাওয়ারা মানাবু।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আক্তার হোসেন এবং ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের (আইআইসি) প্রকল্প পরিচালক আবু তাহের খান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, জাপান বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব ও আস্থার। সে সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ ও জাপান আগামী বছরগুলোতে পারস্পরিক সহযোগিতার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে অংশীদারত্বকে দৃঢ় করার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে একসঙ্গে কাজ করে এগিয়ে যাবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, বাংলাদেশের মানুষের প্রধান সমস্যা দক্ষতা। তাই বাংলাদেশের মানুষের দক্ষতা উন্নয়ন প্রয়োজন।
সেমিনারে মূল প্রবন্ধে ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, জাপানের চাকরির বাজারে ভালো সুযোগের জন্য জাপানি ভাষা প্রশিক্ষণ বাড়াতে হবে। ড্যাফোডিল পরিবার ২৫টি জাপানি পার্টনার অর্গানাইজেশনের সহায়তায় এক হাজারের বেশি যুবককে জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে।