টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন সম্প্রতি। সে কথা সংবাদমাধ্যমে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও রয়েছে আলোচনায়। তাঁর বিয়ের নানা ছবি এসেছে ফেসবুকে। এর মধ্যে ব্যতিক্রমী একটি ছবিও দেখা যাচ্ছে।
এই ছবিটিতে দীপ্তি চৌধুরী এবং তাঁর স্বামী মুশতাক ইবনে আইয়ুবকে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবরের সামনে। এই ছবির ক্যাপশনে দাবি করা হয়, বিয়ের পর শহীদ হাদির কবর জিয়ারত করেন তাঁরা।
তাঁদের বিয়ের নানা ছবি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এলেও শহীদ হাদির কবর জিয়ারতের কোনো ছবি তার মধ্যে ছিল না। দীপ্তি চৌধুরীর ফেসবুক প্রোফাইলেও এমন কোনো তথ্য কিংবা ছবি নেই।
ছবিটি যাচাই করে দেখা যায়, এর নিচের ডান পাশে গুগলের এআই প্ল্যাটফর্ম জেমিনির লোগো রয়েছে। সাধারণত জেমিনি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ছবি ও অন্যান্য কনটেন্টে এ ধরনের ওয়াটারমার্ক যুক্ত থাকে। ফলে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
ছবিটির ভিজ্যুয়াল বিশ্লেষণ ও হাইভ মডারেশন টুলে পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এআই দিয়ে তৈরি নানা ছবি ও ভিডিএ এখন বেশ বিভ্রান্তি তৈরি করছে। অনেকে এসব ছবিকে আসল ভেবে নিচ্ছেন। কারণ, অনেক ক্ষেত্রেই ঘোষণা দেওয়া হচ্ছে না যে এগুলো এআই দিয়ে তৈরি।
যেমন বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪০টি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তারের খবরের সঙ্গে ব্যবহৃত ছবি এর একটি নজির।
৪০ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছিল, সেখানে ওই নারীর মুখ ঢেকে দেওয়া (ব্লার) ছিল। ফলে ছবিতে তাঁর চেহারা শনাক্তযোগ্য ছিল না।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি সংবাদমাধ্যমে এই খবরের সঙ্গে প্রকাশিত ছবিতে এক তরুণীর মুখ দেখা যায়।
যাচাই করে দেখা যায়, এআই প্রযুক্তির মাধ্যমে ছবিটির ওই তরুণীর মুখ যুক্ত করে দেওয়া হয়েছে। ছবিটিতে এআই-জেনারেটেড কনটেন্টের ডিজিটাল ওয়াটারমার্কও পাওয়া যায়।
এআই দিয়ে তৈরি এমন একটি ছবিও ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছ, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ভারতের পতাকায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘ভারত আমাদের প্রকাশ্যেই শত্রু…জাতির শ্রেষ্ঠ সন্তান আব্দুল হামিদ খান ভাসানী।’
ছবিটির ভিজ্যুয়াল বিশ্লেষণে অস্বাভাবিকতা পাওয়া যায় মাওলানা ভাসানীর শারীরিক অবস্থান, পা রাখার ধরনে, যা এআই-নির্মিত কনটেন্টের বৈশিষ্ট্য। গুগল জেমিনির বিশ্লেষণেও এটি এআই-প্রযুক্তিতে তৈরি বলে ইঙ্গিত পাওয়া যায়।