চট্টগ্রামে সাংবাদিক ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৩ জন গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় হামলায় একজন সাংবাদিক ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম (৩৫), আবদুর রহিম (৩৫) ও মো. মিজান (৩০)। গতকাল মঙ্গলবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করে পুলিশ। পরে বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তাঁরা সেখানে লুকিয়ে ছিলেন।’
এস এম শফিউল্লাহ আরও বলেন, পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে আরিফের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে আটটি, আবদুর রহিমের বিরুদ্ধে ১০টি এবং মিজানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দাঙ্গা–হাঙ্গামার সাতটি মামলা রয়েছে। তাঁরা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাতকানিয়ার এঁওচিয়া ইউনিয়নের শামসুল ইসলামের চায়ের দোকানে বসে ঠান্ডা পানীয় পান করছিলেন কামরুল ইসলাম নামের একজন সাংবাদিক। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি ও দোকানের ভেতরে থাকা শিশু রাফি গুলিবিদ্ধ হয়।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ শিশু রাফিকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কামরুলও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শিশু রাফি এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার দিনমজুর আবদুর রহিমের ছেলে ও দোকানি শামসুল ইসলামের নাতি। ঘটনার পরদিন সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা চার–পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া তিনজন এ মামলার এজাহারভুক্ত আসামি।