মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থাপনা আগামী দিনের চ্যালেঞ্জ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মানসম্মত বিদ্যুৎ ব্যবস্থাপনা আগামী দিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। তাঁরা ধারণা করেছিলেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যে সমাধান হবে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সময়োপযোগী সিদ্ধান্তের কারণে ও সবার সহযোগিতায় মাত্র সাত দিনের মাথায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি মোটামুটি একটি নিরবচ্ছিন্ন জায়গায় নেওয়া সম্ভব হয়েছে।
মঙ্গলবার ২০২৩–২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, কোভিড ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি ক্ষেত্র বিশালভাবে বাধাগ্রস্ত হয়েছে। নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী জ্বালানি পাওয়ার ক্ষেত্রে প্রতিটি দেশ অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হয়েছে। তার মধ্যে থেকেও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যেভাবে ব্যবস্থা করেছে, যেভাবে বিদ্যুৎ-জ্বালানি নিরবচ্ছিন্ন রাখার জন্য চ্যালেঞ্জগুলো সামনে রেখে ব্যবস্থা গ্রহণ করেছে, সে জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
জ্বালানিতে দেশজ গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও সঞ্চালনকে অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ২০২৪ সাল নাগাদ ৪৬টি কূপ খননের মাধ্যমে দৈনিক ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার।
প্রতিটি দেশ জ্বালানিব্যবস্থা কেমন হবে, তা নতুনভাবে চিন্তা করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। তাদের প্রচুর জায়গা। বাংলাদেশের মতো দেশে এটা করা কঠিন। তবে সরকার চেষ্টা করছে অন্তত বিদ্যুৎ উৎপাদনে ১০ শতাংশ যেন নবায়নযোগ্য জ্বালানি থেকে করা যায়। সেটা মাথায় রেখে নেপাল থেকে ৭০০ মেগাওয়াট জলবিদ্যুৎ আনার উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির জন্য সবকিছু তৈরি করা হয়েছে। সঞ্চালন লাইন করে আরেকটি দেশের ভেতর দিয়ে এভাবে বিদ্যুৎ আনতে পাঁচ থেকে আট বছর সময় লাগে। কিন্তু এখানে জ্বালানি খরচ ২০ বছর একই থাকবে এ কারণে আনা হচ্ছে। ডিজেল, ফুয়েলের দামের তারতম্য হয়। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া কষ্টকর হয়ে যায়। ভুটান থেকেও বিদ্যুৎ আনার চেষ্টা হচ্ছে।
বাজেট আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য আবদুস শহীদ বলেন, আগে বাজেট দেওয়ার আগেই বাজেটবিরোধী ব্যানার বানিয়ে রাখা হতো। এখন বাজেট নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখার সুযোগ হয় না। শুধু করের ব্যাপারে কিছু আপত্তি তোলা হয়। কিন্তু এমন উচ্চহারে কোনো করারোপও করা হয়নি বলে দাবি করেন তিনি।
সরকারি দলের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী পার্বত্য এলাকাকে ‘হট স্পট’ হিসেবে চিহ্নিত করেছেন। যে কারণে উন্নয়ন হয়েছে। তিনি বলেন, পাহাড়ে কুকি–চীন জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে। তাদের প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। উন্নয়নে বাধা হলো অবৈধ অস্ত্রের ঝনঝনানি। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধার করা ও তাদের আইনের আওতায় আনা দরকার।
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, দ্রব্যমূল্য বেড়েছে। কিন্তু কোনো জায়গায় কি মানুষ না খেয়ে আছে? তিনি নিজের নির্বাচনী এলাকার মানুষকে এই প্রশ্ন করেছেন। কেউ না খেয়ে নেই।