২৫ লাখ টাকার নকল ফেসওয়াশ জব্দ, লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের আমতল এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল নকল ফেসওয়াশ জব্দ করেছে জেলা প্রশাসন। এসব ফেসওয়াশের গায়ে একটি প্রসাধনী ব্র্যান্ডের নাম লেখা ছিল। বিএসটিআইয়ের কোনো লোগো ছিল না। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ভেজাল ফেসওয়াশ জব্দ করেছে।
আজ বুধবার সকালে নগরের কোতোয়ালি থানাধীন আমতল এলাকার রয়েল টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত গুদামটিতে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ফেসওয়াশগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে একটি প্রসাধনী ব্র্যান্ডের নাম লেখা ছিল। ঠিকানা লেখা ছিল জামালপুর বিসিক শিল্প অঞ্চল। বাংলাদেশে উৎপাদিত সব পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। জব্দ করা এসন পণ্যের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।
অবৈধ পণ্য মজুত করার দায়ে গুদামের ব্যবস্থাপক জমিল উদ্দীনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী, বিএসটিআইয়ের পরিদর্শক মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান ও হিমালয়ার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।