ঈদের ছুটিতে বাড়ি ফেরা
ছুটি হয়ে যাচ্ছে, বাড়িতে যাব। তারিখ ঠিক হয়ে গেলে দিন গোনা শুরু—যাচ্ছি কবে, কত দিন বাকি আর। দিন কমত, আর হঠাৎ হঠাৎ চোখে ভেসে উঠত আম্মার মুখখানা, সিংহদরজা হাঁ হয়ে আছে আমার অপেক্ষায়। পেয়ারাগাছের ডালে বুলবুলি, শালিক পাখিরা খুশি জানাতে আসে। আব্বা উঠান পার হতে গিয়ে দাঁড়িয়ে পড়েন, আইজ কত তারিখ যেন? রান্নাঘর থেকে আম্মার উত্তর আসে, এখনো দেরি আছে, আইজ মাত্র উনিশ।
যাওয়ার তারিখ ঠিক করে ছুটতাম কমলাপুর। রেলস্টেশনের উল্টো দিকে বিআরটিসির বাস ডিপো। ঢাকা থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে যারা যাবে, সবাইকেই ছুটে আসতে হতো এখানটায়।
টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে মাথা গুনতাম। হয়তো একসময় আমার সামনে পাঁচজন। কমতে কমতে একজন হওয়ার পরও বুকের নিচে ঢিপঢিপ, টিকিট পাব তো!
যখন কাউন্টারের সামনে কেবল আমিই আর ওপারে টিকিট বিক্রেতার মুখ থেকে প্রশ্ন আসে, কয়টা? মনে হতো জগতের সব সুখ উপহার হিসেবে আমার জন্যই বেঁধে রাখা ছিল। কাউন্টার থেকে পুনরায় প্রশ্ন, মাঝখানে নেবেন, না সামনের দিকে। জানালার পাশে দেব নাকি…
টিকিট পাব কি পাব না, এমন সংশয় থেকে শিগগিরই সিট পছন্দ করার সুবিধা পেয়ে গেলে মহা আনন্দের সঙ্গে সঙ্গে পড়তে হতো বিপদেও। হুট করে বলাও যেত না, জানালার পাশে বসে বসে হাওয়া খেতে খেতে খাওয়ার সুবিধা নেব, নাকি সামনের দিকে পা লম্বা করে বসতে পারার আলাদা আরাম আছে—নেওয়া উচিত সেই সুবিধা?
কখনো কখনো কাউন্টারের সামনে পৌঁছানো মাত্র কানে এসেছে, পেছনের চাকার ওপর মাত্র একটা সিট খালি আছে, দেব? সঙ্গে সঙ্গেই উত্তর, দেন।
চাকার ওপরে সিট মানে নাকের ডগায় হাঁটু নিয়ে কষ্ট করে বসা আর সারাটা পথ অবিরাম গুঁড়া গুঁড়া ধাক্কা খাওয়া। স্বস্তিহীন লম্বা ভ্রমণ, তবু টিকিটটা হাতে নিয়ে মহানন্দে টগবগ করতে করতে চলন্ত রিকশা ডেকেছি, অ্যাই রিকশা, যাবে! বুকপকেটে বাসের টিকিট, যেন তা বাসের নয়, কোটি টাকার লটারির।
বাসের টিকিট পাওয়ার পর আরেক বিশেষ আনন্দ কেনাকাটা। আমাদের দুই ভাইয়ের একটা মাত্র বোন। সে আবার আমার থেকে কুড়ি বছরের ছোট। ইচ্ছা হতো তার জন্য পুরো শহর কিনে নিয়ে যাই। কী কী কিনতে হবে—বুঝতাম না, জানতামও না। এক বন্ধু আর তার বউয়ের সাহায্য নিতাম। তারা সেই আমলে গাড়ি নিয়ে দুটো দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমার সঙ্গে থাকত।
বউটা বলে দিত, এটা চুড়ি, ওটা বালা। ফিতা নেন। গলার একটা চেইন, এই মালাটাও নিতে পারেন—বোন খুশি হবে। টিপ নেন, নেইল পলিশ নিতে হবে। ছোট মানুষ তো, ওর জন্য এই জুতা ওই স্যান্ডেল—দুটোই নেন। শ্যাম্পু নিতে পারেন, সঙ্গে কন্ডিশনার হলে ভালো হয়। বোনের জন্য ঈদের কেনাকাটা করতে গিয়ে প্রথম বহু কিছুর নাম শুনেছি, জেনেছি। কন্ডিশনার কী, জানতাম না। জেনেছি কোনটাকে বলে হেয়ারব্যান্ড, আর হেয়ারক্লিপ কী?
বাড়ি ফেরার সঙ্গে বাড়তি আনন্দ ছিল ছোট বোনের জন্য ব্যাগভর্তি নানা রকম উপহার কিনে নিয়ে যাওয়া। হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে সেই সব উপহার ব্যাগ খুলে একটা একটা করে বের করে ছোট্ট বোনটার সামনে দেওয়া, তার লজ্জামিশ্রিত খুশি মুখ দেখা, আর কাপড়চোপড় দেখে আম্মার অনুযোগ শোনা, এত্ত কিছু কিনতি গিছিস কেন, এই গেরামে এসব পরে বের হলি মানুষি ঠাট্টা করে। সেই সব শুনে ও কানতি কানতি বাড়ি আসে। খুইলে ফেলে, দ্বিতীয়বার আর পরতি চায় না।
আমাদের আলোচনা শুনে ভেতরের ঘর থেকে আব্বা বের হয়ে আসতেন, কই, দেখি দেখি। সব দেখতেন খুঁটিয়ে খুঁটিয়ে। বলতেন, মা, যে যার মতো বলুকগে, কান্নাকাটি করা চলবে না, খুলেও ফেলা যাবে না। দাদাভাই শখ কইরে এইনেছে, ভালো লাগলি পরবা। মানুষের কথায় কান দিলি জীবনে বড় হতি পারবা না।
আম্মার শাড়ি বের হলে অদ্ভুত আনন্দের আলো ফুটে উঠতে দেখতাম তাঁর চোখেমুখে। সেই একই অনুযোগ, এত সব কেন করতি গেছ। শাড়ি নেড়েচেড়ে আব্বার খোঁচা শুনতে পেতাম, নেও, বেশ কম বয়সী শাড়ি, মুখে যা-ই বলো, মনে মনে অনেক খুশি হইয়েছ, তা বেশ বুঝতি পারতিসি।
আম্মার তুই থেকে তুমি সম্বোধন, আব্বার ঠাট্টা, কিচ্ছু না বলে ঢাকা থেকে আসা জিনিসপত্র নেড়েচেড়ে দেখছে বোনটা। তার ছোট্ট মুখখানাতে দ্বিধা, লজ্জা ও ফুটফুটে আনন্দের রং। ছোট ভাইটা সেই গ্রাম্য সন্ধ্যার আলো-আঁধারে পায়চারি করতে করতে বলছে, এটা ভালো হয়েছে, ওটাও খুব সুন্দর, ঈদের দিন এই সব পরে একসঙ্গে ছবি তুলতে হবে।
আব্বার আনন্দের প্রকাশ ছিল একেবারেই অন্য রকম। তাঁর জন্য যেটাই নিয়ে যাওয়া হোক, অন্যদের বেলার আনন্দ-উচ্ছ্বাস গুটিয়ে অনুভূতি প্রকাশ করতেন কেবল দুটো শব্দে, ভালো হয়েছে। আব্বার গলাটা ধরা ধরা মনে হতো।
আমরা কেউ কারও মতো ছিলাম না। আবার সবাই ছিলাম সবার। সেই টানেই বারবার ছুটে যেতাম বাড়িতে। পরস্পরের কাছে যাওয়া মানে প্রত্যেকেই প্রত্যেকের অন্তর্গত আনন্দের সৌরভ অনুভব করতে পারতাম। হারিকেনের অল্প আলোয় সাত রং ও সুরের কোনো মুহূর্তই অদেখা থাকেনি। জগতের কোনো কিছুর সঙ্গে সে প্রাপ্তির তুলনা হয় না।