বিরল ফিনলেস পরপয়েসের দেখা

২০২৪ সালে সুন্দরবনের কচিখালী সৈকতে ফিনলেস পরপয়েসছবি: লেখক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণার কাজে এ বছরের জানুয়ারির শেষ সপ্তাহে ভোরে খুলনা থেকে রওনা দিয়ে সকালে সাতক্ষীরার কলাগাছিয়ায় পৌঁছাই। সকালে আমাদের সঙ্গে যোগ দেয় আমার পুরোনো গবেষণা সহকারী নির্মল, হাবিব, ফাহাদ ও শাহিন। এরা সবাই সাতক্ষীরার বনজীবী। কেউ মৌয়াল, কেউ কাঁকড়া-জেলে। এক যুগ ধরে আমার সঙ্গে গবেষণার কাজ করতে করতে ওরা নিজেরাও পুরোদস্তুর গবেষক হয়ে উঠেছে। সুন্দরবনের আদ্যোপান্ত এদের নখদর্পণে।

শীতের সকাল, কুয়াশা আছে। তবু দ্রুতই সূর্যের দেখা মিলল। ভোরের সূর্য কেওড়াগাছের চূড়া পেরিয়ে ধীরে ধীরে ওপরে উঠে এল। তবে আলো পুরোপুরি ফুটতে আরও খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। এরই মধ্যে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ডাল, আলুভর্তা আর ডিমভাজি দিয়ে সকালের নাশতা সেরে নিয়েছি। সাতক্ষীরা সুন্দরবনের চুনকুড়ি নদের সুবদি-গুবদি জোড়া খালের মুখে বন বিভাগের ‘বনবালা’ লঞ্চ আগের রাতে নোঙর করেছে। ছোট কাঠের ট্রলার নিয়ে জরিপে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। সারা দিনের কাজ শেষে বনবালা লঞ্চে ফিরতে রাত হয়ে যায়। তাই দুপুরের খাবার সঙ্গে নিয়েই প্রতিদিন বের হই।

বনবালা ছেড়ে আমরা যখন বেরিয়ে পড়ি, তখন সকাল আটটা বেজে গেছে। মাথাভাঙা নদী ধরে গোলাখালী পেরিয়ে মাহমুদা নদী হয়ে যেতে হবে আরও দক্ষিণে। প্রায় ৫০ কিলোমিটার পথ। গভীর বনের মধ্য দিয়ে আঁকাবাঁকা সরু খাল ধরে নির্দিষ্ট কিছু বন্য প্রাণীর গণনা করাই আমাদের কাজ। ট্রলারের গতিপথ ভাটার স্রোতের সঙ্গে মিলে গেলে কিছুটা পথ দ্রুত যাওয়া যায়। কিন্তু উজান ঠেলে বনের পথ পাড়ি দিতে গেলে পথ যেন আর ফুরাতে চায় না। এরই মধ্যে ভাটা শুরু হয়েছে। ফলে কিছুটা পথ ভাটার স্রোতের সঙ্গে সহজেই অতিক্রম করতে পারব।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে সুন্দরবনের গভীরে অবস্থিত গোলাখালী গ্রাম ছেড়ে কালিন্দী নদী পেরিয়ে যখন মাহমুদায় গিয়ে পড়লাম, তখন প্রায় দুপুর। মাহমুদা নদী বেশ প্রশস্ত। দুই পাড়জুড়ে গরান ও গেওয়ার বন। মাঝেমধ্যে হেঁতাল ও খুলশীর ঝোপ। পাড়ের খাঁড়িতে লম্বা লম্বা ঠেসমূল নিয়ে দাঁড়িয়ে আছে ঝানা গর্জন। বাদাবনের নরম কাদামাটিতে টিকে থাকার বিশেষ কৌশল হিসেবে সুন্দরবনের কিছু গাছ এমন ঠেসমূল তৈরি করে নেয়।

মাহমুদা ধরে ভাটার স্রোতের সঙ্গে দক্ষিণে চলেছি। দূরে একটি জেলে নৌকা চোখে পড়ল। কিছুক্ষণ পর আমরা ওদের কাছাকাছি হলাম। ঠিক তখনই মাহমুদা নদীর মাঝখানে আমাদের সামনে আলতো করে গা ভাসিয়ে দিল কয়েকটি ডলফিন। প্রথম দেখায় ইরাবতী ডলফিন মনে হলো। সাতক্ষীরা সুন্দরবনের নদ-নদীতে সাধারণত ইরাবতী ডলফিনের দেখা মেলে। কিন্তু ওদের আচরণ ও সাঁতারের ভঙ্গি একটু আলাদা। সেই সঙ্গে দেহের রংও বেশ কালো। কিছুক্ষণ পরই ভুল ভাঙল। ওরা তো ফিনলেস পরপয়েস! এক দলে পাঁচটি ফিনলেস পরপয়েস ছড়িয়ে-ছিটিয়ে মাছের পেছনে দিগ্‌বিদিক ছুটছে। ওদের ছোটাছুটি দেখতে আর ছবি তুলতে প্রায় আধঘণ্টা কাটালাম। উপভোগ করলাম ওদের আনন্দময় সাঁতারের সঙ্গ।

সুন্দরবনে ফিনলেস পরপয়েস বেশ বিরল। এর আগে সুন্দরবনের মোহনা ও কিছুটা লোনাপানির নদী, যেমন মালঞ্চ, মাহমুদা ও আড়পাঙ্গাসিয়ায় এদের দেখেছি। মাহমুদা নদীতে এক দলে পাঁচটি ফিনলেস পরপয়েস দেখে মনটা আনন্দে ভরে উঠল। মাথার ওপরের ক্ষুদ্র একটি ছিদ্র এদের শ্বাস নেওয়ার কাজ করে। এই শ্বাসছিদ্র দিয়ে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আবার ডুব দেয় গভীর পানিতে। এদের পিঠে কোনো পাখনা নেই। সে কারণেই এমন নাম। পিঠ বরাবর রয়েছে ৩ থেকে ১২ সেন্টিমিটার প্রশস্ত একটি উঁচু খাঁজ।

বিশ্বজুড়ে ফিনলেস পরপয়েস একটি সংকটাপন্ন প্রাণী। আইইউসিএনের বৈশ্বিক লাল তালিকায় এদের অবস্থান ‘ভালনারেবল’ বা সংকটাপন্ন। অন্যদিকে বাংলাদেশের জাতীয় লাল তালিকায় এদের অবস্থান ‘নিয়ার থ্রেটেনড’ বা প্রায় বিপদগ্রস্ত। ইরান, ভারত ও দক্ষিণ চীন সাগরসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন উপকূলীয় জলসীমায় এদের দেখা মেলে।

ফিনলেস পরপয়েসের দাঁত ছোট ছোট। এরা ছোট মাছ, স্কুইড, অক্টোপাস ও চিংড়িজাতীয় প্রাণী খায়। মাহমুদা নদীতে কয়েকবার এদের ইলশে খয়রা মাছ শিকার করতে দেখলাম। সাঁতারের সময় পানির উপরিভাগে ঢেউয়ের মতো উঁচু হয়ে ওঠে। দলের সদস্যরা কাছাকাছি থেকে শিকার করে, কেউ দলছুট হয় না। অন্যান্য ডলফিনের মতো এরা দেহের বেশির ভাগ অংশ পানির ওপরে তোলে না।

সুন্দরবনের নদী-খালে আড়াআড়ি পেতে রাখা বড় ফাঁসের জাল এদের জন্য বড় হুমকি। মোহনা ও উপকূলীয় এলাকায় এসব জালে আটকে অনেক সময় এদের মৃত্যু হয়। জালে আটকে গেলে পানির নিচে শ্বাস নিতে না পেরে দম বন্ধ হয়ে মারা যেতে পারে। ফলে ফিনলেস পরপয়েসসহ ইরাবতী ডলফিন ও অন্যান্য জলজ স্তন্যপায়ীর নিরাপদ বিচরণ বিঘ্নিত হচ্ছে। সুন্দরবনে এদের বিচরণ নিরাপদ করতে হলে মোহনা ছাড়াও মালঞ্চ, মাহমুদা, আড়পাঙ্গাসিয়া ও শিবসা নদীকে ফাঁসজালের ঝুঁকি থেকে মুক্ত রাখা জরুরি।

* এম এ আজিজ: অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়