ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ পার
চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা এক লাখ পার হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩০৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ১৫২ জন এবং নারী ১৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ১ হাজার ৩২৯ জন, যা মোট রোগীর ৬১ দশমিক ৪ শতাংশ। নারী রোগী ৮৩৭ জন, অর্থাৎ ৩৮ দশমিক ৬ শতাংশ। নতুন ভর্তি রোগীদের মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যা বেশি। ২১ থেকে ২৫ বছর বয়সী ৩১২ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (ঢাকা মহানগরীর বাইরে) বিভিন্ন হাসপাতালে—৪৮৪ জন। এরপর খুলনা বিভাগে ২৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৮৭ জন, রাজশাহী বিভাগে ২৫৩ জন এবং বরিশাল বিভাগে ২৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ১৪০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন দুই সিটি করপোরেশন বাদ দিয়ে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার হাসপাতালে—১৮ হাজার ২৭৫ জন। এরপর খুলনা বিভাগের হাসপাতালগুলোতে, ১৬ হাজার ১৩৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৭৭৪ জন। মাসটিতে ডেঙ্গুতে মারা গেছেন ১৪৮ জন। অক্টোবরের প্রথম ১২ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৮২২ জন এবং মারা গেছেন ৬২ জন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ৮১ জন। ফেব্রুয়ারি ও মার্চে এ সংখ্যা যথাক্রমে ৪০৯ ও ৩৫৩ জনে নেমে আসে। এরপর বর্ষা মৌসুমে রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুনে ২ হাজার ৯০৭ জন, জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে ভর্তি হন।