আমাদের সঙ্গে ভোট করলে আর ঝামেলা হবে না: আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি নেতা

ঠাকুরগাঁও-২ আসনে বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া বাজারে এক পথসভায় কথা বলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিএম মাহবুবুর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায়ছবি: ভিডিও থেকে নেওয়া

‘আওয়ামী লীগের ভাইদের জন্য বলব, যাঁরা ভয়ভীতির মধ্যে বাইরে আছেন; আমরা তাঁদের নিরাপত্তা বিধান করতে চাই। নিরাপত্তাটা কীভাবে হবে? নিরাপত্তাটা হবে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে আপনারা ভোট করবেন, ভোটটা করলে সম্পর্কের উন্নয়ন হবে। আর কোনো ঝামেলা হবে না।’

গতকাল বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-২ আসনে বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া বাজারে এক পথসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবুর রহমান এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর বক্তব্যের দুটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে।

ভিডিওতে টি এম মাহবুবুর রহমানকে বলতে শোনা যায়, ‘দল হিসেবে কে ক্ষমতায় আসবে? বিএনপি আসবে। জামায়াতে গেলে আমাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে? জামায়াতকে ভোট দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আপনারা আওয়ামী লীগের যে ভাইয়েরা আছেন, অতীতে আমরা বিএনপির লোকজন যেভাবে হয়রানি হয়েছি, সামাজিকভাবে হেনস্তা হয়েছি, আমরা ভবিষ্যতে ক্ষমতায় গেলে কোনো রকম রাজনৈতিক হয়রানি করব না। আমি পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, এই আসনের কোনো মানুষ রাজনৈতিকভাবে হয়রানি হবে না। একেবারেই হবে না। আমরা সামাজিকভাবে এমন একটা বলয় গড়ে তুলতে চাই। যেটার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতে কাউকে হয়রানি করব না, করব না, করব না। আপনারা যে আওয়ামী লীগের ভাইয়েরা রয়েছেন, আপনারা কখনোই ভয় করবেন না।’

একই উপজেলার কাশিডাঙ্গা এলাকার আরেকটি সভায় ওই বিএনপি নেতা বলেন, ‘৫ আগস্টের পর যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়, তখন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে পারতাম। আমরা করেছি কি? প্রথম দিন থেকে আমরা বলেছি, যে যে দলই করুক, আমরা অন্যায় করব না। সে সময় আমরা যদি মনে করতাম, আমাদের সঙ্গে যাঁদের প্রতিহিংসা আছে তাঁদের ক্ষতি করব; করতে পারতাম না? আমরা করিনি। এ সংস্কৃতিটা আমরা পরিবর্তন করতে চাইছি যে বিএনপি ক্ষমতায় এলেও অন্য দলের লোকজন যেন রাজনৈতিক হয়রানির শিকার না হয়। এখানে অনেক মানুষ আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছেন, প্রথম দিন থেকে বলেছি, তাঁদের সঙ্গে অন্যায় করব না; তাঁদের নিরাপত্তা বিধান করব। তাঁরা যাতে সামাজিকভাবে চলাফেরা করতে পারেন, সে জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। বাইরে যাঁরা আছেন, তাঁরা চলে আসবেন এবং আমাদের সঙ্গে থেকে ভোট করবেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘কাশিডাঙ্গার লোক যাঁরা আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত—সবাই ধানের শীষে ভোট দেবেন। তা না হলে আপনাদের সঙ্গে আমাদের অতীতের যে শত্রুতাটা, তীব্র হয়ে যাবে। আপনাদের অনেকের সঙ্গে আমাদের কমিটমেন্ট হয়েছে না? আওয়ামী লীগের ভাইদের সঙ্গে আমরা কোনো ঝামেলা করব না, ঝামেলা হবে না। তাহলে এই ঝামেলাটা আবার লেগে থাকবে না? এ জন্য আমাদের সবাইকে একসঙ্গে ভোট করতে হবে। শুধু ভোট দিলেই হবে না, একসঙ্গে আমরা ভোটও করব, যাতে সম্পর্কটার উন্নয়ন ঘটে।’

জানতে চাইলে টি এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রতিহিংসামুক্ত একটা সম্প্রীতির সমাজ গড়তে চাই। যেখানে সব দলের মানুষ একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবে। সেই কথা বলতে গিয়ে, আমি এসব কথা বলেছি। এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে নিয়ে চললে ক্ষতি কী? এখানে কোনো রাজনীতি নেই।’