ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন
ভোট বর্জন জামায়াতপন্থীদের, প্রার্থী দেননি বিএনপিপন্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে ২৫ সদস্যের স্বতন্ত্র প্যানেল তৈরি করেছিলেন জামায়াতে ইসলামীপন্থীরা। কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাত্র তিন দিন আগে প্রার্থীদের হয়রানি-গ্রেপ্তারসহ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তাঁরা। অন্যদিকে বিএনপিপন্থীরা এবার মনোনয়নপত্রই জমা দেননি।
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আগামী ১৮ মার্চ ঢাকা এবং ৪ ও ১১ মার্চ ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ করা হবে। ঢাকার কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা ও ঢাকার বাইরের কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় ছিল গত ১ থেকে ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৪ জানুয়ারি। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার। জামায়াতপন্থীদের বর্জন ও বিএনপিপন্থীদের অংশ না নেওয়ায় এবার নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল ছাড়া অন্য প্যানেল থাকছে না।
এ নির্বাচনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ আবদুর রবের নেতৃত্বে ২৫ সদস্যের স্বতন্ত্র প্যানেল প্রস্তুত করা হয়েছিল। তিনি একসময় বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল করতেন। তবে তিনি জামায়াতপন্থী বলে জানিয়েছেন সাদা দলের সাবেক আহ্বায়ক ও বিএনপিপন্থী শিক্ষকনেতা এ বি এম ওবায়দুল ইসলাম।
প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে বৃহস্পতিবার। জামায়াতপন্থীদের বর্জন ও বিএনপিপন্থীদের অংশ না নেওয়ায় এবার নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল ছাড়া অন্য প্যানেল থাকছে না।
ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এবার নির্বাচন করছি না। একসময় আমরা জামায়াতপন্থীদের সঙ্গে নিয়েই প্যানেল দিতাম। সেই প্যানেলে তাঁরা পাঁচ–ছয়টা পদে নির্বাচন করতেন। তাঁরা জানতে চেয়েছিলেন যে আমরা এবার নির্বাচন করব কি না। আমরা বলেছি, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরেও হয়, ফলে এটি সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই, কেন্দ্র দখলের পাঁয়তারা চলবে। তবে তাঁরা (জামায়াতপন্থীরা) এবার কেন নির্বাচন করতে গেলেন, তা আমরা জানি না।’
সাদা দল সূত্র জানায়, গত বছর থেকে জাতীয় রাজনীতিতে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য বিচ্ছিন্নতার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকেরাও আলাদাভাবে সক্রিয় আছেন। বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকেরা এখন আর যৌথভাবে রাজনীতি করছেন না। সাদা দল এখন কার্যত বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনে পরিণত হয়েছে। বিএনপিপন্থীরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান সরকার ও প্রশাসনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাঁরা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেননি।
অন্যদিকে জামায়াতপন্থীরা তাঁদের দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন। তবে প্রার্থী তালিকা প্রকাশের তিন দিন আগে গত ৩০ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জামায়াতপন্থীদের ওই স্বতন্ত্র প্যানেল।
এ প্যানেলের মূল নেতা আবদুর রব সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘নির্বাচন ঘিরে আমাদের প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। একজন প্রার্থীকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া প্যানেলের বেশির ভাগ প্রার্থীর বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে। সমর্থক ভোটার ও কর্মীদেরও প্রশাসন হয়রানি করছে। অনেকে বাসায় থাকতে পারছেন না। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে আমরা নির্বাচন বর্জন করছি।’
এ প্যানেলে প্রার্থী ছিলেন উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, মুহাম্মদ মুয়ায্যম হোসাইন, এ বি এম ফজলুর করীম, মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, মো. আতিয়ার রহমান, মো. মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ খলিলুর রহমান, মো. নূর নবী, মো. ইউসুফ আলী, এ কে এম রফিকুন্নবী, মো. আবদুল মতিন খান, মুহাম্মদ শরীফুল ইসলাম, কাজী মো. বরকত আলী, মো. আব্দুল বাসেত খান, মো. শফিকুল আলম হেলাল, মো. আবদুল হান্নান, মো. আহসান হাবীব, মো. আমজাদ হোসেন খান, হাবিবা আখতার চৌধুরী, সাবিকুন্নাহার, মো. নাজিম উদ্দিন, মো. আবদুল মান্নান ও মো. নূরুল হুদা।
এদিকে বিএনপিপন্থী ‘জাতীয়তাবাদী পরিষদ’ এবারের নির্বাচনের সঙ্গে নেই বলে জানান সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরাও এবার কোনো প্রার্থী দিইনি।’