নিজস্ব জনবল থেকে তিন মহাপরিচালক পেল দুদক
অবশেষে তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে মহাপরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা হলেন মো. আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। নতুন এই তিনজনকে নিয়ে দুদকের মহাপরিচালক পদে আছেন আটজন। একই সঙ্গে ছয় কর্মকর্তাকে পরিচালক এবং অপর আট কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়।
মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. আক্তার হোসেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ছিলেন। অন্য দুজন মীর মো. জয়নুল আবেদীন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও বিশারদ এবং গোয়েন্দা ইউনিট) ও সৈয়দ ইকবাল হোসেন পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) ছিলেন। এই তিন কর্মকর্তা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবে ১৯৯৫ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোয় যোগ দিয়েছিলেন। ২০১৫ সালের নভেম্বরে তাঁরা পরিচালক পদে পদোন্নতি পান। প্রায় ২৭ বছর ধরে তাঁরা দুদকের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
দীর্ঘদিন ধরে পদোন্নতি হচ্ছিল না। বর্তমান কমিশন তাঁদের পদোন্নতি দিল। এর আগে দুদকের নিজস্ব জনবল থেকে একজন মহাপরিচালক হয়েছিলেন। নতুন করে এই তিনজন মহাপরিচালক হলেন।
এ পদোন্নতিকে ‘দুদকের জন্য মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। তিন কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে সংগঠনের সভাপতি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে আশাবাদী তাঁদের নেতৃত্বে দুদক আরও এগিয়ে যাবে।
একই সঙ্গে পরিচালক পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তা হলেন এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশাররফ হোসেইন মৃধা। এত দিন তাঁরা দুদকে উপপরিচালক পদে ছিলেন। সহকারী পরিচালক থেকে উপপরিচালক হয়েছেন আট কর্মকর্তা। তাঁরা হলেন মো. শহীদুল আলম সরকার, এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও এ কে এম ফজলে হোসেন।
দুদকের গুরুত্বপূর্ণ সব পর্যায়ের পদে জনপ্রশাসনের প্রাধান্য, কর্মক্ষেত্রে বৈষম্য, পদোন্নতিতে বঞ্চনা ও চাকরিচ্যুতির ঝুঁকিকে কেন্দ্র করে দুর্নীতি দমন কমিশনের নিজস্ব জনবল বা কর্মীদের বড় অংশের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ-অসন্তোষ দানা বেঁধেছিল। সম্প্রতি এর বহিঃপ্রকাশ ঘটে সংস্থার উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার পর কর্মকর্তা-কর্মচারীদের সংগঠিত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। যদিও শরীফ উদ্দিন এখনো চাকরি ফিরে পাননি। তিনি আদালতে লড়ছেন।
বর্তমানে দুদকের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৯৭৪। এর মধ্যে উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালক আছেন ২৪৮ জন। পরিচালক, মহাপরিচালক, সচিব, কমিশনার, কমিশনের চেয়ারম্যানসহ উচ্চপর্যায়ের বিভিন্ন পদে আছেন ৪৩ কর্মকর্তা, যাঁদের বেশির ভাগই জনপ্রশাসন থেকে প্রেষণে আসা।