অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিকফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। ইউনূস প্রশাসনের আনা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত বছর তাঁকে যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়েছিল।

সম্প্রতি গুটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত ‘পলিটিকস আনলিশড’ নামের এক পডকাস্টে টিউলিপ এ কথা বলেন।

টিউলিপ রিজওয়ানা সিদ্দিক
ফাইল ছবি

এ বিষয়ে মন্তব্যের জন্য অধ্যাপক ইউনূসের দুজন ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের পার্লামেন্ট সদস্য (এমপি)। রাজধানী ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত টিউলিপকে তাঁর অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দেন।

ওই মামলায় টিউলিপের সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন লন্ডনে বসবাসরত টিউলিপ।

আরও পড়ুন

পডকাস্টে টিউলিপ দাবি করেন, তিনি প্রতিহিংসামূলক মামলার শিকার হয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন স্বনামধন্য আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি আমার রয়েছে। আমি আইনজীবীদের সঙ্গে আইনি বিকল্পগুলো খতিয়ে দেখছি এবং পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।’

আরও পড়ুন

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে আখ্যা দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, খালা শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের ‘বলি’ হয়েছেন তিনি।

আরও পড়ুন

সাক্ষাৎকারে টিউলিপ অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানতে তাঁর আইনজীবীরা বারবার বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিলেও কোনো জবাব পাননি। এমনকি মোহাম্মদ ইউনূস লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালে তাঁর কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়ে সরাসরি দেখা করার চেষ্টাও করেছিলেন বলে জানান টিউলিপ।

টিউলিপ দাবি করেন, ‘তিনি (ইউনূস) আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি বারবার তাঁর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেছিলাম।’